২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ টেবিলে লিভারপুলের অবস্থান ক্লপের কাছে সুখকর নয়

তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শিষ্যদের খেলায় সন্তুষ্ট লিভারপুল কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2022, 06:49 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

প্রিমিয়ার লিগে তিন-তিনটি ম্যাচ খেলে ফেলল লিভারপুল, অথচ জয়ের দেখা নেই। মাত্র দুই পয়েন্ট নিয়ে গতবারের রানার্সআপরা আছে ১৬ নম্বরে! লিগ টেবিলে দলের বর্তমান অবস্থান স্বাভাবিকভাবেই খুশি করতে পারছে না কোচ ইয়ুর্গেন ক্লপকে।

ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে লিভারপুল। প্রথমার্ধে ধারহীন পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে জোর চেষ্টা চালিয়েও পয়েন্ট আদায় করে নিতে পারেনি তারা।

এই ম্যাচের আগে এরিক টেন হাগের দলের পয়েন্ট ছিল শূন্য। লিভারপুলের বিপক্ষে তাদের সাম্প্রতিক রেকর্ডও পক্ষে ছিল না। তবে প্রায় সবাইকে চমকে দিয়ে জয় তুলে নেয় দলটি।

জ‍্যাডন স্যানচো ইউনাইটেডকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মার্কাস র‌্যাশফোর্ড। শেষ দিকে লিভারপুলের একমাত্র গোলটি করেন মোহামেদ সালাহ।

এই ম্যাচের আগে ইউনাইটেড ছিল টেবিলের ১৯ নম্বরে। এখন তারা লিভারপুলের চেয়ে এগিয়ে। ৩ পয়েন্ট নিয়ে রেকর্ড চ্যাম্পিয়নদের অবস্থান ১৪তম। আর শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে থাকা লিভারপুল আছে ১৬ নম্বরে।

ক্লপের দল কেবল এভারটন, উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স, লেস্টার সিটি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের ওপরে।

প্রতিযোগিতার যদিও কেবল শুরু। তবে লিভারপুলের সমর্থকদের জন্য টেবিলের এই চিত্র মোটেও স্বস্তিদায়ক হওয়ার কথা নয়। ইউনাইটেডের বিপক্ষে হারের পর ক্লপও স্বীকার করে নিলেন সেটা।

“বাজে কিছু মেনে নেওয়ার মতো মানসিকতা থাকলেই কেবল এদিকে তাকানো যায়। যা মোটেও সুখকর নয়, বিষয়টা পরিষ্কার। কিন্তু পরিস্থিতিই এমন। আমরা সব বিষয় নিয়ে কথা বলতে পারি…কিন্তু এই সপ্তাহে সবকিছু খুব সহজ ছিল না। আউটফিল্ডের কেবল ১৫ জন খেলোয়াড় অনুশীলনে ছিল।”

লিভারপুলের একাধিক খেলোয়াড়ের চোট সমস্যা রয়েছে। এর মধ্যে আবার দারউইন নুনেস খেলতে পারেননি নিষেধাজ্ঞায়। এ সবকিছু নিয়ে হতাশা ঝরল ক্লপের কথায়।

“অবশ্যই বিষয়গুলো ভালো কিছু নয়, তবে এই ম্যাচের জন্য এই লাইনআপই আমার পছন্দ। এখানে আমি দলের ভালো পারফরম্যান্সও দেখেছি, সেটা যদিও জয়ের জন্য যথেষ্ট ছিল না।”

“তবে আমার মনে হয়, আমরা যদি কোনো এক মুহূর্তে গোল করে সমতা টানতাম, তাহলে খুব বিস্ময়কর কিছু হতো না। ইউনাইটেড তুলনামূলক ভালো শুরু করেছিল, যদিও সেটা খুব দীর্ঘস্থায়ী ছিল না। এরপর ড্র আমাদের প্রাপ্য ছিল এবং সেটা কিছুটা প্রত্যাশিতও ছিল।”