২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার অনেকেই অসুস্থ, বাতিল ইউভেন্তুসের বিপক্ষে ম্যাচ

লা লিগা চ্যাম্পিয়নদের ১৪ জন খেলোয়াড় অসুস্থতায় ভুগছেন, খবর ইএসপিএনের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2023, 04:00 PM

Updated : 23 Jul 2023, 04:00 PM

বার্সেলোনার অনেক খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় ভেস্তে গেছে তাদের ইউভেন্তুসের বিপক্ষে প্রীতি ম্যাচ। প্রাক-মৌসুম পর্বে যুক্তরাষ্ট্র সফরে এটি ছিল কাতালান ক্লাবটির প্রথম ম্যাচ।

সান ফ্রান্সিসকোয় স্থানীয় সময় শনিবার রাতে বার্সেলোনা-ইউভেন্তুস ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে বিবৃতি দিয়ে ম্যাচটি বাতিলের বিষয়টি জানায় লা লিগা চ্যাম্পিয়নরা।

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে যে, বার্সেলোনার ১৪ জন খেলোয়াড় অসুস্থতায় ভুগছেন এবং এই কারনে ইউভেন্তুসের বিপক্ষে তারা খেলার অবস্থায় ছিলেন না।

বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, সমর্থকদের ম্যাচ টিকেটের অর্থ ফেরত দেওয়া হবে। আর একটি বীমা করা থাকায় ম্যাচটি না খেলার জন্য বার্সেলোনাকেও কোনো জরিমানা দিতে হবে না।

যুক্তরাষ্ট্র সফরে আরও তিনটি ম্যাচ রয়েছে বার্সেলোনার। আগামী বুধবার শাভি এর্নান্দেসের দলের পরবর্তী ম্যাচ আর্সেনালের বিপক্ষে। স্প্যানিশ ক্লাবটি আশাবাদী, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি মাঠে গড়াবে।