২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নশিপ লিগে সেরা ব্রাদার্স, রানার্সআপ এলিট একাডেমি

রানার্সআপ হলেও প্রিমিয়ার লিগে খেলবে না বাফুফের এলিট একাডেমি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 09:30 PM

Updated : 18 Apr 2023, 09:29 PM

প্রিমিয়ার লিগে উঠে আসার ধাপ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ফলে দুই মৌসুম পর ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ফিরছে দলটি। অন্যদিকে, রানার্সআপ হয়ে লিগে খেলার সুযোগ পেলেও তা লুফে নিচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিচালিত বাফুফে এলিট একাডেমি।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মঙ্গলবার ফর্টিস একাডেমিকে ৩-১ গোলে হারায় এলিট একাডেমি। ২২তম মিনিটে রুবেল দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষ দিকে জোড়া গোলে এলিট একাডেমির জয় নিশ্চিত করেন মুর্শেদ।

২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে এলিট একাডেমি। ১৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আগেই চ্যাম্পিয়ন হওয়া ব্রাদার্স ইউনিয়ন বুধবার নিজেদের শেষ ম্যাচে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে।

তরুণ ফুটবলারদের বেড়ে ওঠার পথটা মসৃণ করে দিতে কমলাপুর স্টেডিয়ামে এলিট একাডেমি চালাচ্ছে বাফুফে। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটির নিয়োগকৃত কোচদের ছায়ায় এ মাঠে উঠতিরা অনুশীলন করে, তাদের থাকা-খাওয়া সব কিছু এখানেই।

এ নিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নশিপ লিগ খেলল এলিট একাডেমি। গতবার চতুর্থ হয়েছিল তারা, এবার রানার্সআপ।

নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নশিপ লিগের সেরা দুই দল প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু এলিট একাডেমি লিগে খেলবে না, তরুণ ফুটবলারদের গড়ে তোলার কাজটি চালিয়ে যেতে চ্যাম্পিয়নশিপ লিগে তারা থেকে যাবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কোচ রাশেদ আহমেদ পাপ্পু। তবে তিনি মনে করেন, চ্যাম্পিয়নশিপ লিগের অভিজ্ঞতা তরুণদের আগামীতে লিগের দলগুলোতে খেলার সময় কাজে লাগবে। 

এলিট একাডেমি লিগে না খেলায় সুযোগ মিলতে পারে ১৯ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাবের।