২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ দলে চমকের আভাস দিয়ে রাখলেন কোচ

কম্বোডিয়া ও নেপালের বিপক্ষে ক্যাম্পের দলে চমকপ্রদ নাম থাকতে পারে, জানালেন হাভিয়ের কাবরেরা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 07:43 PM

Updated : 21 Aug 2022, 07:57 PM

ক্যাম্পের জন্য খেলোয়াড়ের তালিকাটা নিজের ভাবনার মধ্যেই রেখেছেন হাভিয়ের কাবরেরা। আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেননি। তবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ ইঙ্গিত দিয়ে রাখলেন, ক্যাম্পের দলে চমক থাকবে যথেষ্টই।

আগামী ২২ সেপ্টেম্বর কম্বোডিয়া ও ২৭ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই কাবরেরার দল খেলবে প্রতিপক্ষের মাঠে। এ জন্য আগামী শুক্রবার থেকে উত্তরায় পুলিশ এফসির মাঠে প্রস্তুতি শুরুর কথা রয়েছে।

দুটি প্রীতি ম্যাচকে স্রেফ প্রীতি ম্যাচ হিসেবে দেখছে না বাংলাদেশ। তাই প্রস্তুতি শুরু হচ্ছে এক মাসেরও বেশি সময় আগে। ঠিকঠাক দল গুছিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময় মেলায় খুশি কাবরেরা।

“আমরা ২৬ অগাস্ট থেকে শুরু করতে যাচ্ছি। আমরা সৌভাগ্যবান যে, এবার আমরা যথেষ্ট সময় পাচ্ছি। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সময় এটি। ঢাকাতে আমরা তিন সপ্তাহের মতো অনুশীলন করতে পারব।”

নেপালের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে হওয়ায় সেখানে খেলতে গেলে খেলোয়াড়দের অনেক সময়ই দমের সমস্যায় পড়তে হয়। অনেকেই হাঁপিয়ে ওঠেন দ্রুত। বিষয়গুলো বাংলাদেশ কোচকে ভাবনায় ফেলেছে।

“দুটি ম্যাচই আমরা খেলব বাইরে। (দেশ ছাড়ার পর ) দুই ম্যাচে আসা-যাওয়ার কারণে সেভাবে প্রস্তুতি নিতে পারব না। কাঠমাণ্ডুতে উচ্চতার একটা ব্যাপার আছে। সেখানে খেলা সহজ নয়। কম্বোডিয়া ও নেপালের খেলার ধরনও আলাদা। যেমন ওরা বল কেড়ে নেওয়ার ব্যাপারে খুব বেশি আগ্রহী নয়। কিন্তু ওরা খুব সজাগ আর একবার বলের নিয়ন্ত্রণ হারিয়ে বসলে ওরা আপনাকে ঠিকই সাজা দেবে।”

নেপালের বিপক্ষে সবশেষ গত বছর অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, রাউন্ড রবিন লিগের ম্যাচটি ১-১ ড্র হয়েছিল। তাদের বিপক্ষে এবারের ম্যাচটি বাংলাদেশ কোচের কাছে গুরুত্ব পাচ্ছে অন্য কারণে।

“আমরা নেপালে গিয়ে খেলতে চাই, নেপালের সঙ্গে তুলনা করে দেখতে চাই সাফের দলগুলোর মধ্যে আমাদের অবস্থাটা কেমন। হ্যাঁ, এটা সত্যি কম্বোডিয়া আর নেপাল সম্পূর্ণ আলাদা দুই দল। তবে দুই ম্যাচের মধ্যে প্রস্তুতির জন্য সময় আছে।”

ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৮ ধাপ এগিয়ে থাকা কম্বোডিয়ার বিপক্ষে বাংলাদেশের সবশেষ ম্যাচের স্মৃতি আনন্দের। ২০১৯ সালের মার্চে প্রতিপক্ষের মাঠে রবিউল হাসানের গোলে ১-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে বাংলাদেশের স্প্যানিশ কোচ প্রতিপক্ষকে সমীহ করছেন তাদের খেলার ধরণের ভিন্নতায়।

“কম্বোডিয়া বল পায়ে রেখে খেলতে পছন্দ করে। নিচ থেকে আক্রমণ গড়ে ৪-৩ -৩ ফর্মেশনে খেলে। নেপাল অনেক আগ্রাসী দল। ব্লকে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে তারা। দুটি দলই ইন্টারেস্টিং। তবে আমরা আমাদের সেরাটা দিতে পারলে দুই দলকে হারানো কঠিন কিছু নয়।”

“কম্বোডিয়া এমন একটা দল যারা আমাদের পা থেকে বল কেড়ে নিতে চাইবে। হাই-প্রেসিং খেলবে। দেখা যাক, তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি নিতে পারি কিনা। তবে আমি মনে করি, তাদের সঙ্গে লড়াই করার মতো সক্ষমতা আমাদের ভালোভাবেই আছে এবং যেভাবে আমরা সবশেষ ম্যাচগুলো খেলেছি, সেভাবে খেলতে পারলে দুটি ম্যাচ জয়ের অনেক সম্ভাবনা আমাদের আছে।”

যাদের নিয়ে এত সম্ভাবনার ছবি আঁকছেন কাবরেরা, তাদের নাম রোববার মুখে আনেননি কাবরেরা। শুধু জানিয়ে রাখলেন, অপ্রত্যাশিত কিছু মুখ সেখানে থাকতে পারে।

“এটা ভালো বিষয় যে নতুন খেলোয়াড়েরা ভিন্ন কিছু করে দেখাচ্ছে। প্রতি পজিশনে আমাদের কেমন খেলোয়াড় দরকার, সে বিষয়ে এরই মধ্যে ভালো ধারনা হয়ে গেছে। বেশ কয়েকজন খেলোয়াড়ের প্রোফাইল পেয়ে গেছি। আগেই বলেছি, দলে এবার চমক থাকছে। এমন কিছু যা, আপনারা আশা করছেন না।”

“নিজ নিজ ক্ষেত্রে তারা সেরা পারফরমার। অনুশীলনে আপনারা মেধাবী কাউকেই দেখবেন। কিছু চমক আছে, আপনারা সেটা দেখতে পাবেন।”