২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারাদোনা-মেসিদের দেশের ক্লাবে চাপ স্পর্শ করছে না জামালকে

ক্যারিয়ারের নতুন অভিযানে রোমাঞ্চিত বাংলাদেশ অধিনায়ক আর্জেন্টিনার ক্লাবের হয়ে নিজের সেরাটা দিয়ে উজ্জ্বল করতে চান দেশের মুখ।

মারাদোনা-মেসিদের দেশের ক্লাবে চাপ স্পর্শ করছে না জামালকে

জামালের হাতে সোল দে মাইয়োর জার্সি তুলে দিচ্ছেন আর্জেন্টাইন ক্লাবটির প্রেসিডেন্ট আদান ভালদেবেনিতো।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2023, 12:43 PM

Updated : 28 Aug 2023, 04:11 PM

দারুণ এক প্রাপ্তির হাতছানি জামাল ভূঁইয়ার সামনে। হেরমিনাল এফসির বিপক্ষে তার দল দেপোর্তিভো সোল দে মাইয়োর ম্যাচ রোববার। খেলতে নামলেই ইতিহাসের পাতায় অনন্য হয়ে যাবেন তিনি- বাংলাদেশের প্রথম ফুটবলার হিসেবে খেলবেন মারাদোনা-মেসিদের দেশ আর্জেন্টিনার ক্লাবে! ক্যারিয়ারের নতুন এই অধ্যায় নিয়ে এই ডিফেন্সিভ মিডফিল্ডার নিজেও দারুণ রোমাঞ্চিত।

আর্জেন্টিনা ও বাংলাদেশ সময়ের ব্যবধান ৯ ঘণ্টা। রোববার সোল দো মাইয়োর ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায়। অপেক্ষার শিহরণকে সঙ্গী করে জামাল ক্ষণ গুণে চলেছেন আগ্রহভরে। অনুশীলন সেরে ফেরার পথে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে যখন কথা বললেন তিনি, তখন আর্জেন্টিনার সময় শনিবার দুপুর ২টা, বাংলাদেশ সময় রাত ১১টা।

জামাল বরাবরই স্বল্পভাষী। ডেনমার্কে বেড়ে ওঠা এই ফুটবলার এখনও বাংলা ভাষা পুরোপুরি রপ্ত করতে পারেননি। কিন্তু এবারের আলাপনে বেশ স্বতঃস্ফূর্তভাবেই বাংলা বলতে শুরু করলেন। মন খুলে কথা বললেন তার নতুন অভিযান, আর্জেন্টাইন ক্লাবটির পরিবেশ, নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনের আবহ, বাংলাদেশিদের নিয়ে আর্জেন্টাইনদের আগ্রহ, সেখানকার খাবার থেকে শুরু করে সামনের আফগানিস্তান ম্যাচ, বিশ্বকাপ বাছাইসহ অনেক কিছু নিয়ে।  উঠে এলো শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে তার চুক্তি এবং পরবর্তী সময়ের নানা বিতর্কের প্রসঙ্গও।

আর্জেন্টিনাতে কেমন চলছে? ভিয়েদমা শহরের আবহাওয়া কেমন?

জামাল: এই তো আগামীকাল (আজ) আমার প্রথম খেলা। আজকে (গতকাল) অনুশীলন করে ফিরলাম। এখানে শীতকাল চলছে। প্রচণ্ড ঠাণ্ডা। ঠাণ্ডা থেকে বাঁচতে কাপড়-চোপড় বেশি করে পরছি। টুপি, গ্লাভস সব ব্যবহার করতে হচ্ছে। আস্তে আস্তে মানিয়ে নিচ্ছি।

Image

আর্জেন্টাইন ক্লাবে দারুণভাবেই স্বাগত জানানো হয় জামালকে।

আপনাকে নিয়ে নতুন কোচ, সতীর্থদের মনোভাব কেমন দেখছেন?

জামাল: ওরা অনেক ভালো। অনেক সহযোগিতা করে। আমার কোনো দরকার থাকলে স্রেফ ওদেরকে একটু বললেই হয়, ওরা করে দেয়। খুবই আন্তরিক আমার প্রতি। কোনো সমস্যা নেই, সব দিক থেকে ভালো আছি।

সতীর্থদের সঙ্গে না হয় মানিয়ে নিলেন, ওখানকার খাবার!

জামাল: ওরা তো কোনো মশলাদার (স্পাইসি) খাবার খায় না। শুধু লবণ আর লেবু ব্যবহার করে খাবার তৈরি করে। আমাদের মতো খাবার খায় না। তবে ওদের খাবার আমি খেতে পারি, সমস্যা হয় না। তাছাড়া ওরা জিজ্ঞেস করে, ‘কোনটা খেতে চাও বলো, সেটা করে দেব।’

এখানে তো অনেক বাঙালিও আছে। মাঝেমাঝে ওরা আমার বাসায় আসে, খাবার দিয়ে যায় (হাসি)। তখন দেশি খাবারও খাই। বলতে পারেন, দেশি-বিদেশি সব খাবারই মিক্সড করে খাচ্ছি।

সোল দে মাইয়োতে জামালের এক দিনের রুটিন কেমন?

জামাল: কী বলব… (হাসি)… সকালে উঠি। নাস্তা সেরে ট্রেনিংয়ে যাই। এরপর বিশ্রাম নিয়ে বিকেলে আবারও অনুশীলন থাকে। (শীর্ষ পর্যায়ের না হলেও) এই ক্লাবেও আসলে অনেক ফ্যাসিলিটিজ আছে। এটা বেশ বড় ক্লাব… সুইমিংপুল, দুইটা আর্টিফিশিয়াল মাঠ, স্টেডিয়াম আছে। এখানে এখন শীতকাল, মাটি শক্ত হবে, মাঠও শক্ত হবে, তাই ঘাসের মাঠে অনুশীলন বন্ধ, আর্টিফিশিয়াল মাঠে ট্রেনিং করছি।

ক্লাবের নিজেদের হোটেল আছে, ক্যাসিনো আছে, টেনিস কোর্ট আছে, টেনিসের মতো আরেকটি খেলা প্যাডল টেনিস…এই খেলাটা এখানে খুব জনপ্রিয়, সেটাও আছে। ওদের বড় একটা কমপ্লেক্স আছে। এখানে সবকিছু আছে, সবকিছুই রুটিনমাফিক চলে।

আর্জেন্টিনার ক্লাবে খেলা বাংলাদেশের ফুটবলারের জন্য তো বড় সুযোগ… !

জামাল: অবশ্যই। আমি সর্বোচ্চ সেরা উপায়ে বাংলাদেশকে উপস্থাপন করতে চাই। আমি জানি, অনেক মানুষ আমাকে অনুসরণ করেন। এ কারণেই সেরাটা দিতে চাই। এখানে যারা আছেন, বিশেষ করে বাংলাদেশের যারা, তাদেরও অনেক আগ্রহ আমাকে নিয়ে। আমি চেষ্টা করব তাদের চাওয়া পূরণ করতে।

যে দেশের ফুটবলপ্রেমীরা মেসি-মারাদোনা নিয়ে মেতে থাকে, সেই দেশের ক্লাবের সমর্থকরা আপনাকে নিয়ে মেতে আছে…!

জামাল: এটা ভীষণ উপভোগ করছি। নতুন দেশ, নতুন সংস্কৃতি, যে দেশে এসেছি, তারা সারা বিশ্বের ফুটবল র‌্যাঙ্কিংয়ে এক নম্বর। এখন আপনিই বলুন, আমি যে আর্জেন্টিনাতে খেলতে এসেছি, এটা নেতিবাচক নাকি ইতিবাচক ব্যাপার? এটা শুধু আমার জন্যই নয়, বাংলাদেশের জন্যও ইতিবাচক বিষয়। এটা নিয়ে আমি কোনো চাপ অনুভব করি না। যে মানুষগুলো প্রতিদিন খাবার পায় না, তারা চাপে থাকে। আমি তো ফুটবলার, ফুটলারদের কোনো চাপ নেই।

Image

নতুন ক্লাবের অনুশীলনে জামাল। 

ভিন্ন প্রসঙ্গে আসা যাক। এশিয়ান গেমসে খেলবেন না বলে শোনা যাচ্ছে…

জামাল: আসলে ক্লাবের চার-পাঁচটা ম্যাচ আছে সামনে। ওরা আমার সার্ভিস চেয়েছে এই ম্যাচগুলোতে। তারা বলেছে, ফিফা উইন্ডোর সময় ছেড়ে দিবে। এশিয়ান গেমস অনূর্ধ্ব-২৩ দলের খেলা, ওখানে ওরা আমাকে যেতে দিতে আগ্রহী নয়। তবে আফগানিস্তানের বিপক্ষে জাতীয় দলের ম্যাচের সময় ছেড়ে দেবে।

আমি কিন্তু এশিয়ান গেমসেও খেলতে চাই, তবে ক্লাব ছাড়তে চায় না। আমি তাই এর মধ্যেই বাফুফের হাসান ভাইকে বলেছি, আপনি ওদেরকে (সোল দে মাইয়ো কর্তৃপক্ষ) একটা ইমেইল পাঠিয়ে জানতে চান, ওরা আমাকে এশিয়ান গেমসে খেলতে দেবে কি না। ওরা বলেছে, খেলতে দেবে না, যেহেতু ওদের লিগের ম্যাচ রয়েছে।

এর আগেও বলেছি, আমি সবসময় বাংলাদেশের হয়ে খেলতে চাই। সেটা জাতীয় দলের হোক, অনূর্ধ্ব-২৩ দলের হয়ে হোক, নিশ্চিতভাবে খেলতে চাই, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে চাই। কিন্তু এখন তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। তবে ফিফা স্বীকৃত ম্যাচ হলে আমি সহজেই খেলতে পারব।

কোচ হাভিয়ের কাবরেরার সঙ্গে কথা হয়েছে? আফগানিস্তান ম্যাচের জন্য ক্যাম্প শুরু করে দিয়েছেন তিনি…

জামাল: কোচ সবসময় যোগাযোগ করেন। আফগানিস্তান ম্যাচের জন্য আমি আগামী সপ্তাহে বাংলাদেশে আসব। ক্যাম্পের অনুশীলনেও কাবরেরা আমাকে পেতে চেয়েছিলেন, কিন্তু এখানেও তো ক্লাবের গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ আছে। এখানে যে সিস্টেম…লিগ টেবিলের প্রথম চারটা দল পরের একটা ফাইনাল রাউন্ডে যাবে; এ কারণে কাবরেরাও পরিস্থিতিটা বুঝতে পেরেছেন।

(আর্জেন্টিনার তৃতীয় স্তরের লিগ তোরনেয়ো ফেদারেল ‘এ’-তে খেলে সোল দে মাইয়ো। ৩৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে দুবার করে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার পর প্রতি গ্রুপের সেরা চার দল নিয়ে হয় চূড়ান্ত পর্ব। সোল দে মাইয়ো বর্তমানে ‘এ’ গ্রুপের টেবিলে ষষ্ঠ স্থানে আছে)

আসলে ফিফার উইন্ডোর সময় ক্লাবের বাধা দেওয়ার উপায় নেই, নিয়ম অনুযায়ী আমাকে ছাড়তে হতো। এ কারণেই আফগানিস্তান ম্যাচের জন্য ওরা ছাড়তে রাজি হয়েছে। আমিও যখন ওদেরকে বললাম-আফগানিস্তানের বিপক্ষে খেলতে চাই, ওরাও বলল-‘যাবে; সমস্যা নেই।’

সাফ চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সের কারণে আফগানিস্তানের বিপক্ষে ৪ ও ৭ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচ দুটি নিয়ে প্রত্যাশা বেড়েছে সবার। আপনার ভাবনা?

জামাল: সাফে আমরা যেভাবে পারফর্ম করেছি, আফগানিস্তানের বিপক্ষে সেই পারফরম্যান্স আমরা করতে পারব। একই ছন্দে খেলব। আমি চাই, যে দুটি ম্যাচ আছে, দুটিই জিততে। কিন্তু জানি, আফগানিস্তান ম্যাচ অনেক কঠিন হবে। যেহেতু ওদের অধিকাংশ খেলোয়াড় দেশের বাইরে খেলে।

Image

নতুন সতীর্থদের সঙ্গে দ্রুতই মানিয়ে নিয়েছেন জামাল।

ওদের বিদেশিদের নিয়ে অবশ্য কোচ বলছিলেন, এটা আপনাদের মানে খেলোয়াড়দের জন্য ইতিবাচক…

জামাল: অবশ্যই (ইতিবাচক)… আফগানিস্তানের ফুটবলাররা বিশ্বের অনেক দেশে খেলে। ওদের বিপক্ষে খেলা আমার জন্য, আমাদের জন্য ভালো হবে।

দেখুন, আমরা যারা বাংলাদেশ দলের হয়ে খেলি, তারা সবাই কিন্তু দেশে খেলি। আফগানিস্তানের বিষয়টি ভিন্ন, ওদের দেশের পরিস্থিতি ভালো না, ওদের খেলোয়াড়রা আফগানিস্তানে যেতে পারে না। এ কারণে ওদের অধিকাংশ খেলোয়াড় দেশের বাইরে খেলে। ফলে ওদের বিপক্ষে খেলা আমাদের জন্য ভালো। তাছাড়া আগামী অক্টোবরে আমাদের সামনে বড় খেলা আছে মালদ্বীপের বিপক্ষে (বিশ্বকাপ বাছাইয়ে)। আফগানিস্তান ম্যাচ তাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

সাফে পিছিয়ে পড়েও মালদ্বীপকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিলেন আপনারা। বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপের বিপক্ষে দলকে সাফের মতোই দাপুটে দেখা যাবে?

জামাল: মালদ্বীপের বিপক্ষে এবারের ম্যাচটি অবশ্যই পুরোপুরি ভিন্ন হবে। সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ একরকম আর এখানে বিশ্বকাপ বাছাইয়ের দুই লেগের ম্যাচ। এখানে হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। একেবারেই আলাদা হবে। ওদেরকে সহজভাবে নেওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নেই।

শেখ রাসেলের সঙ্গে চুক্তির বিষয়টি একটু খোলাসা করবেন কি? এটা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। এমনকি আপনিও সোল দে মাইয়োর সঙ্গে চুক্তির বিষয়টি আড়াল করেছিলেন শুরুর দিকে!

জামাল: আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। আমি ওরকম কোনো চুক্তি করিনি (শেখ রাসেলের সঙ্গে)। ওরা আমাকে ডেকেছিল, যখন লিগের শেষ, তখন জানতে চেয়েছিল, “তুমি কি পরের মৌসুমে আমাদের সাথে থাকবে?” আমি বলেছিলাম, “সম্ভবত থাকব।”

যখন আমি আর্জেন্টিনাতে আসব, তখন শুনলাম, ওরা এগুলো নিয়ে কথা বলছে। ওরা আমাকে বলল, “তাড়াতাড়ি অফিসে আসো।” আমি তো জানি, অফিসে গেলে ওরা আমাকে বাফুফের একটা চুক্তিপত্র ধরিয়ে দেবে…এগুলোই হয়েছে। ওরা এ নিয়ে যা খুশি বলতে পারে, এটা ওদের ব্যপার, আমি এগুলো কিছু মনে করি না।

Image

সোল দে মাইয়োতে জামালের প্রথম ম্যাচ দেখতে উৎসাহী বাংলাদেশি দর্শকদের ভীড়।

তাহলে যে শেখ রাসেলের সঙ্গে চুক্তি স্বাক্ষরের ছবি চাউর হলো!

জামাল: আমি কোনো মূল চুক্তিপত্রে স্বাক্ষর করিনি, কিন্তু ওদের বলেছিলাম, “আমি খেলব।” বাফুফের দেওয়া কোনো কাগজে স্বাক্ষর করিনি। আপনিও বাফুফেকে জিজ্ঞেস করতে পারেন, নতুন মৌসুমের জন্য (শেখ রাসেলে খেলার জন্য) আমি বাফুফের কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করেছি কি না!

এমন কথাও অনেকে বলছেন, বাফুফের অনুমতি না নিয়ে সোল দে মাইয়োতে ট্রেনিং শুরু করেছেন…

জামাল: আমি এরই মধ্যে এনওসি (অনাপত্তিপত্র) পেয়েছি। এটা নিয়ে ওরা যা কিছু বলতে পারে। কারণ তারা নিজেদেরকে, নিজেদের মুখ রক্ষা করতে চাইছে। দেখুন, আমি কোথায় যাব, সেটা আমার সিদ্ধান্ত। (শেখ রাসেলের সাথে) আমার চুক্তি শেষ হয়েছিল ৩১ জুলাই। এরপর আমি যেখানেই যাই, সেটা আমার ব্যাপার, তাই না?

এখন আর এসব নয় ভাবতে চাই না, আমি আর্জেন্টিনাতে ভালো পারফর্ম করতে চাই। অনেক প্রত্যাশা নিয়ে ওরা আমাকে এনেছে, সেটা পূরণের সর্বোচ্চ চেষ্টা করতে চাই।