১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সেভিয়া থেকে ধারে নটিংহ‍্যামে মন্তিয়েল

ধারে এক মৌসুমের জন‍্য ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার।

সেভিয়া থেকে ধারে নটিংহ‍্যামে মন্তিয়েল

আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী রাইট ব‍্যাক গনসালো মন্তিয়েল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2023, 01:23 AM

Updated : 24 Aug 2023, 01:41 AM

স্প‍্যানিশ ফুটবল থেকে ইংলিশ ফুটবলে পাড়ি জমিয়েছেন গনসালো মন্তিয়েল। সেভিয়া থেকে ধারে এক মৌসুমের জন‍্য নটিংহ‍্যাম ফরেস্টে যোগ দিয়েছেন বিশ্বকাপ জয়ী এই আর্জেন্টাইন ডিফেন্ডার। 

কাতার বিশ্বকাপে রুদ্ধশ্বাস ফাইনালের টাইব্রেকারে মন্তিয়েলের লক্ষ্যভেদেই ফ্রান্সের বিপক্ষে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। মৌসুম শেষে ২৬ বছর বয়সী এই রাইট ব‍্যাককে স্থায়ীভাবে রেখে দেওয়ার সুযোগ থাকছে নটিংহ‍্যামের। 

চলতি গ্রীষ্মে পঞ্চম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগের ক্লাবটিতে এলেন মন্তিয়েল। নতুন ক্লাবে তিনি পরবেন ২৯ নম্বর জার্সি। ক্লাবের ওয়েবসাইটে জানানো এক প্রতিক্রিয়ায় বললেন, নতুন দেশে, নতুন লিগে আলো ছড়াতে তিনি উন্মুখ। 

“খেলার জন‍্য এবং আমি কী করতে পারি সেটা দেখাতে বিপুল প্রত‍্যাশা নিয়ে এখানে এসেছি। একই সঙ্গে আমি জেতার জন‍্য ক্ষুধার্থ, ট্রফি জিততে চাই। ছোটবেলা থেকেই প্রিমিয়ার লিগের খেলা দেখি। একজন খেলোয়াড় সব সময়ই সেরা লিগে খেলতে চায়, আর প্রিমিয়ার লিগ ঠিক তাই।” 

রিভার প্লেটের বয়সভিত্তিক দল দিয়ে উঠে আসেন মন্তিয়েল। ২০১৬ সালে আর্জেন্টিনার ক্লাবটির হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় তার। রিভার প্লেটের হয়ে খেলেন ১৩৯ ম‍্যাচ। ২০১৮ সালে মাদ্রিদে চির প্রতিদ্বন্দ্বী বোকা জুনিয়র্সকে হারিয়ে কোপা লিবের্তাদোরেসের শিরোপা জেতা দলটির সদস‍্য ছিলেন তিনি। 

আর্জেন্টিনার হয়ে ২৩ ম‍্যাচ খেলা মন্তিয়েল ২০২১ সালের অগাস্টে যোগ দেন সেভিয়ায়। গত মৌসুমে রোমার বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে টাইব্রেকারে তার গোলেই শিরোপা জেতে স্প‍্যানিশ ক্লাবটি।