২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেসি-নেইমারকে পেছনে ফেলে আয়ের শীর্ষে রোনালদো

ডেভিড বেকহ্যামের পর মেজর সকার লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় আছেন লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2023, 07:25 PM

Updated : 15 Oct 2023, 07:30 PM

সৌদি আরবের ক্লাব আল নাস্‌রে যোগ দেওয়া ক্রিস্তিয়ানো রোনালদো অনুমিতভাবেই ২০২৩ সালের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হয়েছেন। পেছনে ফেলেছেন তিনি মাঠের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি, নেইমারদের। 

২০২৩ সালে সবচেয়ে বেশি আয় করা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর রোনালদোর মোট আয় ২৬ কোটি ডলার। 

ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে ২০ কোটি ডলারের চুক্তিতে গত জানুয়ারিতে আল নাস্‌রে যোগ দেন রোনালদো। ফোর্বসের তথ্য অনুযায়ী, নাইকি ও জ্যাকব অ্যান্ড কোংয়ের মতো আরও কিছু প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি মিলিয়ে এনডোরসমেন্টের নানা খাত থেকে আরও ৬ কোটি ডলার আয় করবেন পর্তুগিজ ফরোয়ার্ড।

সম্ভাব্য সাড়ে ১৩ কোটি ডলার আয় নিয়ে এই তালিকায দ্বিতীয় স্থানে আছেন মেসি। ২০১২ সালে ডেভিড বেকহ্যামের পর মেজর সকার লিগের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই তালিকায় আছেন আর্জেন্টাইন মহাতারকা।

সৌদি প্রো লিগের দল আল হিলালে গত অগাস্টে পাড়ি জমানো নেইমার ১১ কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে তৃতীয় স্থানে আছেন।

তালিকায় সেরা পাঁচে থাকা পরের দুই জন কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমা। ১১ কোটি ডলার নিয়ে এমবাপে চতুর্থ এবং ১০ কোটি ৬০ লাখ ডলার নিয়ে বেনজেমা পঞ্চম স্থানে আছেন।

সেরা দশের বাকি পাঁচ জন আর্লিং হলান্ড (৫ কোটি ৮০ লাখ ডলার), মোহামেদ সালাহ (৫ কোটি ৩০ লাখ ডলার), সাদিও মানে (৫ কোটি ২০ লাখ ডলার), কেভিন ডে ব্রুইনে (৩ কোটি ৯০ লাখ ডলার) ও হ্যারি কেইন (৩ কোটি ৬০ লাখ ডলার)।