২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট হ্যাম ছেড়ে ‘রেকর্ড ট্রান্সফার ফিতে’ আর্সেনালে রাইস

সংবাদমাধ্যমের খবর, ডেকলান রাইসকে দলে টানতে প্রাথমিকভাবে আর্সেনালের খরচ ১০ কোটি পাউন্ড।

স্পোর্টস ডেস্ক

Published : 15 Jul 2023, 07:20 PM

Updated : 15 Jul 2023, 07:20 PM

দিনের শুরুতে ওয়েস্ট হ্যাম সমর্থকদের উদ্দেশ্যে ডেকলান রাইসের খোলা চিঠিতেই সবকিছু একরকম নিশ্চিত হয়ে যায়। কয়েক ঘণ্টা বাদে এসে গেল চূড়ান্ত খবরও; ‘দীর্ঘ মেয়াদের’ চুক্তিতে আর্সেনালে যোগ দিয়েছেন ইংল্যান্ডের এই মিডফিল্ডার।

আর্সেনাল তাদের ওয়েবসাইটে শনিবার স্থানীয় সময় দুপুরে এক বিবৃতিতে রাইসের সঙ্গে চুক্তির খবরটি নিশ্চিত করে। অবশ্য চুক্তিতে এর মেয়াদ বা ট্রান্সফার ফির বিষয়ে কিছু বলা হয়নি।

তবে বিবিসি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, রাইসকে দলে টানতে প্রাথমিকভাবে আর্সেনালের খরচ ১০ কোটি পাউন্ড। বিভিন্ন শর্তে আরও ৫০ লাখ পাউন্ড যোগ হবে। ব্রিটেনের দুটি ক্লাবের মধ্যে এটাই ট্রান্সফার ফির রেকর্ড।

অর্থের এই অঙ্ক ছাপিয়ে গেল ২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে জ্যাক গ্রিলিশকে ১০ কোটি পাউন্ড মূল্যে ম্যানচেস্টার সিটির কেনার রেকর্ডকে।

২৪ বছর বয়সী রাইসকে দলে পেয়ে খুব খুশি আর্সেনাল শিবিরে সুসময় ফেরানোর আভাস দেওয়া কোচ মিকেল আর্তেতা।

“সে অবিশ্বাস্য মানসম্পন্ন এক খেলোয়াড়, যে কয়েক মৌসুম ধরে ইংল্যান্ড জাতীয় দলে ও প্রিমিয়ার লিগে উঁচু মানের পারফরম্যান্স করছে। নিঃসন্দেহে ডেকলান দলে নতুন মান যোগ করবে এবং সে অসাধারণ মেধাবী এক ফুটবলার, এখানে সফল হওয়ার সামর্থ্য তার আছে।”

আর্সেনালের ইতিহাসেও সবচেয়ে দামি খেলোয়াড় এখন রাইস। পেছনে পড়ে গেল ২০১৯ সালে ফরাসি ক্লাব লিল থেকে সাত কোটি ২০ লাখ পাউন্ড মূল্যে তাদের নিকোলাস পেপেকে কেনার রেকর্ড।

গত মৌসুমে ওয়েস্ট হ্যামের উয়েফা কনফারেন্স লিগ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন রাইস। প্রতিযোগিতাটির মৌসুম সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পান তিনি। আর প্রিমিয়ার লিগে ১৪তম হয়ে মৌসুম শেষ করে দলটি।

গত মৌসুমের অধিকাংশ সময় প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থেকেও শেষ দিকে ছন্দ হারিয়ে শিরোপা হারায় আর্সেনাল। সেই হতাশা এবার ঢেকে দিকে দল আরও শক্তিশালী করছে তারা।

সেই লক্ষ্যে এই নিয়ে তৃতীয় বড় মাপের খেলোয়াড় দলে টানল আর্সেনাল। এর আগে তারা চেলসি থেকে সাড়ে ৬ কোটি পাউন্ড দিয়ে জার্মান মিডফিল্ডার কাই হাভার্টজকে এবং আয়াক্স থেকে ডাচ ডিফেন্ডার ইউরিয়েন টিম্বারকে তিন কোটি ৮৫ লাখ পাউন্ড দিয়ে দলে ভেড়ায় লন্ডনের ক্লাবটি।