লিভারপুল থেকে ধারে লাইপজিগে কারভালিয়ো
আগামী মৌসুমে জার্মান ক্লাবটির হয়ে খেলবেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
লিভারপুলে এক মৌসুম খেলেই নতুন ক্লাবে যোগ দিয়েছেন ফাবিও কারভালিয়ো। ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি থেকে আগামী মৌসুমের জন্য ধারে লাইপজিগে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ এই মিডফিল্ডার।
লিভারপুল শুক্রবার ২০ বছর বয়সী কারভালিয়োর জার্মান ক্লাবটিতে যোগ দেওয়ার কথা জানায়।
২০২১-২২ মৌসুমে ফুলহ্যামের হয়ে কারভালিয়োর পারফরম্যান্স নজর কাড়ে লিভারপুলের। চ্যাম্পিয়নশিপে থেকে দলটিকে প্রিমিয়ার লিগে তোলার পথে ১০ গোল করেন তিনি। পরের মৌসুমেই তাকে দলে টানে লিভারপুল।
লিভারপুলের হয়ে সবশেষ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে মাঠে নামেন কারভালিয়ো। তিনবার পান জালের দেখা। তবে মৌসুমের দ্বিতীয় অংশে খুব বেশি মাঠে নামার সুযোগ হয়নি তার।
নতুন বছর শুরুর পর কেবল দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। চলতি বছর চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপে খেলেন একটি করে ম্যাচ।
নিয়মিত খেলার সুযোগ পাওয়ার প্রতিশ্রুতি সম্ভবত লাইপজিগে যেতে আগ্রহী করেছে কারভালিয়োকে। বুন্ডেসলিগায় তৃতীয় হয়ে গত মৌসুম শেষ করে জার্মান ক্লাবটি। জায়গা করে নেয় তারা আগামী চ্যাম্পিয়ন্স লিগে।
