৪৩ বছর পর সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপুর
প্রথম উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেইন ও ইরান যুদ্ধের সংবাদ কাভারের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
সিএনএনের প্রধান আন্তর্জাতিক অ্যাঙ্কর কিংবদন্তি ক্রিশ্চিয়ান আমানপুর সংবাদমাধ্যমটি ছাড়ার ঘোষণা দিয়েছেন। চার দশকের বেশি সময় ধরে এর সঙ্গে রয়েছেন তিনি।
আগামী জুনে তিনি বিদায় নেবেন বলে সোমবার সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে।
আমানপুর এক বিবৃতিতে বলেছেন, সিএনএন ছাড়ার ব্যাপারে অনেক মাস ধরেই তিনি চিন্তাভাবনা করছেন। নির্ঘুম রাত পার করেছেন। অবশেষে ৪৩ বছরের সঙ্গী সিএনএন থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
৬৮ বছর বয়সি আমানপুর বলেন, সামনে নতুন আর আকর্ষণীয় কাজের জন্য তিনি মুখিয়ে আছেন। সিএনএন এবং এর ‘স্বাধীন সাংবাদিকতার’ ইতিহাসের সাফল্য কামনা করবেন। সবসময় সত্যের পক্ষে থাকবেন, নিরপেক্ষতার নামে চুপ থাকবেন না।
আন্তর্জাতিক সংবাদদাতা হিসেবে দুর্দান্ত প্রতিভার অধিকারী আমানপুর বিশ্বজুড়ে পরিচিত। ২০০৯ সাল থেকে সিএনএন ইন্টারন্যাশনালে ‘আমানপুর’ নামে রাতের সাক্ষাৎকার অনুষ্ঠান পরিচালনা করে আসছেন।
২০২৫ সালের জানুয়ারিতে তিনি সপ্তাহে মাত্র কয়েকদিন অনুষ্ঠান সঞ্চালনা শুরু করেন। আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠানটি সপ্তাহে এক দিন করা হবে। মে মাসে গিয়ে আমানপুরের ওই অনুষ্ঠান শেষ হবে। জুন মাস পর্যন্ত তিনি সিএনএনে রিপোর্টিং করে যাবেন।
প্রথম উপসাগরীয় যুদ্ধ থেকে শুরু করে বসনিয়া যুদ্ধ, রুয়ান্ডা, আফগানিস্তান, ইউক্রেইন ও ইরান যুদ্ধের সংবাদ কাভারের অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।
পিবিএসে তার অনুষ্ঠান ‘আমানপুর অ্যান্ড কোম্পানি’ শেষ হবে আগামী ডিসেম্বরে। সিএনএন ছাড়লেও প্রাক্তন স্বামী জেমি রুবিনের সঙ্গে ‘গ্লোবাল’ প্রযোজিত পডকাস্ট ‘দ্য এক্স ফাইলস’ চালু রাখবেন তিনি।
