উন্নতির পথে থাকা বাংলাদেশকে নিয়ে সাবধানী কুয়েত
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উন্নতি চোখে পড়ছে কুয়েত জাতীয় ফুটবল দলের পর্তুগিজ কোচ রুই বেন্তোর।
সংবাদ সম্মেলনে রুই বেন্তো কথা বললেন ধীরে, ধীরে। ভাঙা-ভাঙা ইংরেজিতে। তবে বাংলাদেশের বিপক্ষে সেমি-ফাইনাল নিয়ে কুয়েত কোচের ভাবনা, দুর্ভাবনা সবই স্পষ্ট বোঝা গেল। সাম্প্রতিক সময়ে উন্নতির ধারায় থাকা বাংলাদেশকে সহজ ভাবলে যে বিপদ হতে পারে, স্পষ্ট করেই বললেন এই পর্তুগিজ কোচ।
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শনিবার বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন কুয়েত ও ‘বি’ গ্রুপের রানার্সআপ বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।
এবারের সাফে দুটি অতিথি দল খেলছে- কুয়েত ও লেবানন। দুটি দলই দাপুটে পারফরম্যান্সে নিজেদের গ্রুপে সেরা হয়ে উঠেছে সেমি-ফাইনালে। শুক্রবার চার দলের সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ভারত উভয় দলের কোচ ও খেলোয়াড়দের কণ্ঠে কুয়েত ও লেবাননের শক্তির দিকগুলো উঠে এসেছে ঘুরেফিরে।
তবে প্রতিপক্ষের প্রশংসায় ভেসে যাচ্ছেন না বেন্তো। সব মিলিয়ে গত আট ম্যাচের পাঁচটিতে জেতা বাংলাদেশ যে একটু একটু করে উন্নতি করছে, মনে করিয়ে দিলেন তা।
“আমরা এই ম্যাচটির দিকে তাকিয়ে আছি। বাংলাদেশকে আমাদের শ্রদ্ধা করতে হবে এবং অন্য সব ম্যাচের মতোই আমরা এ ম্যাচের দিকে তাকিয়ে আছি। (জিততে হলে) মাঠে আমাদের সেরাটা দিতে হবে। গ্রুপ পর্বে আমরা ভালো ফল করেছি, কিন্তু আমাদের আরও কাজ করা প্রয়োজন।”
“আমি মনে করি, বাংলাদেশ দল গত কয়েক মাসে তাদের মানের উন্নতি করেছে এবং আশা করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। যদি আপনি প্রতিপক্ষকে সম্মান না করেন, তাহলে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়বেন এবং এজন্য আমাদের প্রয়োজন খেলোয়াড়দের প্রস্তুত করা।”
লেবাননের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করা বাংলাদেশ পরের দুই ম্যাচে মালদ্বীপ ও ভুটানকে একই স্কোরলাইনে (৩-১) উড়িয়ে দেয়। এই দুই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ার পর দারুণ খেলে কাঙ্ক্ষিত জয় তুলে নেওয়া বাংলাদেশকে বিশ্লেষণ করলেও স্বাভাবিকভাবে তা বলতে রাজি হননি বেন্তো।
“যৌক্তিকভাবেই আমরা বাংলাদেশকে বিশ্লেষণ করেছি, কিন্তু দুঃখিত, সেটা এখানে বলতে পারব না। তবে যখন আমরা খেলতে পারি, সব প্রতিপক্ষকে শ্রদ্ধা করি। বাংলাদেশের সেরা দিকটি এবং তাদের ভারসাম্য কিভাবে নষ্ট করতে পারি, সেটা আমাদের বোঝা প্রয়োজন।”
