ঢুস মেরে চাকরি হারালেন কোচ
ওই ঘটনায় লিসের কোচ ও হেল্লাস ভেরোনার খেলোয়াড়, দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
দল হেরে যাওয়ায় হয়তো মেজাজ হারিয়ে ফেললেন কোচ রবের্তো দাভের্সা; প্রতিপক্ষের এক খেলোয়াড়কে মেরে বসলেন ঢুস। এমন কাণ্ড ঘটানোর পর কোচকে ছাঁটাই করতে আর দেরি করল না সেরি আর ক্লাব লিস।
অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে রোববার সেরি আয় লিস ও হেল্লাস ভেরোনার বিপক্ষে ম্যাচে। ঘরের মাঠে ১-০ গোলে হারের পর ভেরোনার স্ট্রাইকার তমা অঁরিকে ঢুস মারেন লিস কোচ। দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।
দলের একের পর এক হারে আগে থেকেই দাভের্সার অবস্থান হয়ে পড়েছিল কোণঠাসা। সবশেষ অপ্রীতিকর ঘটনাটি সেটাকেই যেন চূড়ান্ত রূপ দিল। ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই লিসের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে কোচকে চাকরিচ্যুত করার কথা জানানো হয়।
২০২৩ সালের জুনে লিসের দায়িত্ব নেওয়া দাভের্সা পরে ওই কাণ্ডের জন্য ক্ষমা চেয়ে বলেন, প্রতিপক্ষ তার খেলোয়াড়দেরকে বারবার উস্কানি দিচ্ছিল।
এবারের সেরি আয় এখন পর্যন্ত ২৮ ম্যাচ খেলে কেবল পাঁচটিতে জয় পেয়েছে লিস। সঙ্গে ১০ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৫ নম্বরে আছে তারা, অবনমন অঞ্চল থেকে মাত্র ১ পয়েন্ট উপরে।
