স্পেনে জন্ম নেওয়া একমাত্র ব্যালন দ’র জয়ীর মৃত্যু
৮৮ বছর বয়সে মারা গেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার লুইস সুয়ারেস।
স্পেনের ইতিহাসের সেরা ফুটবলারদের একজন লুইস সুয়ারেস আর নেই। ৮৮ বছর বয়সে মারা গেছেন স্পেনে জন্ম নেওয়া একমাত্র পুরুষ ফুটবলার হিসেবে ব্যালন দ’র জেতা বার্সেলোনা ও ইন্টার মিলানের সাবেক এই মিডফিল্ডার।
দুটি ক্লাবই রোববার বিবৃতি দিয়ে সুয়ারেসের মৃত্যুর খবর জানায়।
১৯৫৭ থেকে ১৯৭২ সালের মধ্যে স্পেন জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচ খেলে ১৪ গোল করেন সুয়ারেস। ১৯৬৪ সালে জেতেন ইউরোপিয়ান নেশন’স কাপ (বর্তমানে ইউরো চ্যাম্পিয়নশিপ)।
ক্লাব ক্যারিয়ারে ১৯৫৫ সালে বার্সেলোনায় যোগ দেন সুয়ারেস। ১৯৬১ সালে ক্লাব ছাড়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৩ ম্যাচে গোল করেন ১৪১টি। জেতেন দুটি লা লিগাসহ বেশ কয়েকটি শিরোপা। কাতালান ক্লাবটিতে খেলার সময়েই ১৯৬০ সালে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন দ’র জেতেন তিনি।
সুয়ারেসের আগে স্পেনের খেলোয়াড়দের মধ্যে ব্যালন দ’অর জেতেন আলফ্রেদো দি স্তেফানো (১৯৫৭ ও ১৯৫৯)। তবে তার জন্ম ছিল আর্জেন্টিনায়, ১৯৫৬ সালে স্পেনের নাগরিকত্ব নিয়েছিলেন কিংবদন্তি এই ফরোয়ার্ড।
বার্সেলোনা ছেড়ে ১৯৬১ সালে ইন্টারে নাম লেখান সুয়ারেস। ৯ বছরের অধ্যায়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে তিনটি সেরি আ, দুটি ইউরোপিয়ান কাপ ও দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জেতেন তিনি।
১৯৭৩ সালে খেলোয়াড়ী জীবনের ইতি টানার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন সুয়ারেস। ১৯৮৮ থেকে ১৯৯১ সালের মধ্যে স্পেন দলের কোচ ছিলেন তিনি। তার কোচিংয়ে ১৯৯০ বিশ্বকাপে খেলে স্পেন।
