২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের বর্ণবাদী আচরণে ওই দলকে পরাজিত ঘোষণার দাবি ফিফা প্রধানের

বর্ণবাদী আচরণ করা দর্শকদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার পরামর্শও দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সমর্থকদের বর্ণবাদী আচরণে ওই দলকে পরাজিত ঘোষণার দাবি ফিফা প্রধানের

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 07:38 PM

Updated : 21 Jan 2024, 08:31 PM

ফুটবলে বর্ণবাদ থামছে না কিছুতেই। স্পেন, ইংল্যান্ড ও ইতালিতে গত কয়েক দিনের মধ্যে ফুটবলারদের প্রতি দর্শকদের বর্ণবাদী আচরণের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। সবশেষ সেরি আয় উদিনেজের বিপক্ষে এসি মিলানের গোলরক্ষক মাইক মিয়াঁ বর্ণবাদের শিকার হওয়ার পর কড়া বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কোনো দলের সমর্থকরা বর্ণবাদী আচরণ করলে ওই দলকে স্বয়ংক্রিয়ভাবে ম্যাচে পরাজিত ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তিনি।  

ওয়ান্দা মেত্রোপলিতানোয় গত বৃহস্পতিবার কোপা দেল রের শেষ ষোলোয় আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদের শিকার হন রেয়াল মাদ্রিদের তারকা ভিনিসিউস জুনিয়র। লা লিগার ম্যাচে গত কয়েক মাস ধরে অনেকবারই এমন অভিজ্ঞতা হয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। 

গত বুধবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের ম্যাচে শেফিল্ড ওয়েনেসডের বিপক্ষে ম্যাচে একই ধরনের আচরণের শিকার হন কভেন্ট্রির ক্যাসি পালমার। 

মাইক মিয়াঁ তো শনিবার উদিনেজের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়ে খেলার মাঝে মাঠ ছেড়েই চলে যান! মিলান সতীর্থরাও তার সঙ্গে চলে যান। ১০ মিনিট বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়। 

ফিফার বিবৃতিতে রোববার সংস্থাটির প্রধান ইনফান্তিনো বর্ণবাদের জন্য আরও কঠোর শাস্তির দাবি জানান। 

“তিনটি প্রক্রিয়া (ম্যাচ থামানো, ম্যাচ ফের থামানো, ম্যাচ বাতিল) অনুসরণ করা ছাড়াও যে দলের সমর্থকরা বর্ণবাদী আচরণ করবে, ম্যাচ বাতিল ধরে নিয়ে সেই দলকে পরাজিত ঘোষণা করতে হবে। পাশাপাশি যারা বর্ণবাদী আচরণ করবে তাদের বিশ্বব্যাপী স্টেডিয়ামে নিষেধাজ্ঞা এবং তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনতে হবে।” 

"বর্ণবাদ এবং যে কোনো ধরনের বৈষম্যের শিকার হওয়াদের প্রতি ফিফা ও ফুটবলের পূর্ণ সমর্থন আছে। শনিবার উদিনেজে ও শেফিল্ডে যে ঘটনাগুলো ঘটেছে, তা একেবারে জঘন্য এবং পুরোপুরি অগ্রহণযোগ্য।”