২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপ ম্যাচ জামালের কাছে ‘ফাইনাল’

গোলের জন্য সবাইকে চেষ্টা করার তাগিদ দিলেন বাংলাদেশ অধিনায়ক।

ক্রীড়া প্রতিবেদক

বেঙ্গালুরু থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 07:37 PM

Updated : 23 Jun 2023, 07:39 PM

দারুণ সম্ভাবনা জাগিয়েও লেবাননের বিপক্ষে পয়েন্ট পাওয়ার লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। অন্যদিকে ভূটানকে হারিয়ে মালদ্বীপ নিজেদের কাজ সেরে নিয়েছে ঠিকঠাক। এবার মালদ্বীপ প্রতিপক্ষ বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপে টিকে থাকতে হলে এই ম‍্যাচে তাদের জয় খুব প্রয়োজন। অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে এই ম্যাচ এক রকম ‘ফাইনাল।’ 

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আগামী রোববার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। জমাট রক্ষণে ড্রয়ের আশা জাগিয়েও লেবাননের বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ। মালদ্বীপ একই ব্যবধানে জিতেছে ভুটানের বিপক্ষে।

৩ করে পয়েন্ট লেবানন ও মালদ্বীপের। ভুটানের মতো পয়েন্টের খাতা খুলতে পারেনি বাংলাদেশও। অধিনায়ক জামালও বুঝতে পারছেন দেয়ালে পিঠ ঠেকে গেছে তাদের। মালদ্বীপের বিপক্ষে তাই লেবানন ম্যাচের মতো মনোযোগ হারালে রক্ষা নেই। বেঙ্গালুরু হল ক্লাব মাঠে প্রস্তুতি শেষে জামাল জানালেন এ ম্যাচ তাদের কাছে ফাইনাল। 

“সবাই হতাশ। কারণ, আমরা মনে করেছি একটা ভালো ম্যাচ খেলেছি (লেবাননের বিপক্ষে)। কিন্তু যেটা হয়, ইতিহাসের পুনরাবৃত্তি হয়েছে। ম্যাচের শেষ দশ-পনের মিনিট মনোযোগ হারিয়ে ফেলি আমরা, যে কারণে দুই গোল খেয়েছি। এখন যেটা হয়েছে, সেটা ভুলে যেতে হবে। এখন মালদ্বীপ ম্যাচ নিয়ে ভাবছি। টুর্নামেন্টের আগে সবাই বলেছি এটা ফাইনাল ম্যাচ। এখন আমরা মালদ্বীপ ম্যাচে মনোযোগ রাখছি।” 

মালদ্বীপ-ভূটান ম্যাচ কিছুটা দেখার কথাও জানালেন জামালেন। মালদ্বীপের আক্রমণভাগ নিয়েও সতর্ক বার্তা দিলেন দলকে। 

“মালদ্বীপ-ভুটানের ম্যাচ অল্প দেখেছি। আজকে নয়, কালকে ভিডিও ক্লাস আছে, সেখানে মালদ্বীপের শক্তি-দূর্বলতা দেখব। আমাদের ভালো আত্মবিশ্বাস আছে। আমরা যদি অন্তত এক গোল করতে পারি তাহলে মনে করব, ১-০ যথেষ্ট। তবে আমাদের গোল করতে হবে।” 

“আমরা জানি, মালদ্বীপের ভালো ফরোয়ার্ড আছে। আগেও বলেছি,আমাদের ভুল শোধরাতে হবে। বল পায়ে আমাদের আরও আত্মবিশ্বাসী হতে হবে। আমি মনে করি, বিল্ড-আপ গেম খেলতে হবে। শুধু কাউন্টার খেললে ৬০-৭০ মিনিটে গিয়ে সবাই ক্লান্ত হয়ে যাবে।” 

লেবানন ম্যাচে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ফয়সাল আহমেদ ফাহিম। প্রথম গোল হজমের পেছনে দায় আছে ডিফেন্ডার কাজী তারিক রায়হানের। তবে নির্দিষ্ট কোনো সতীর্থের দিকে অভিযোগের আঙুল তুলছেন না জামাল। এই দুঃসময়ে দলকে ঐক্যের সুঁতোয় বেঁধে রাখছেন অধিনায়ক। 

“ইতিবাচক দিক হচ্ছে, লেবানন ম্যাচে আমরা সুযোগ তৈরি করেছি। শুধু যে ফরোয়ার্ডরা গোল করবে এমন না, সবাই গোল করতে পারে। এখানে স্ট্রাইকারের দোষ দিলে লাভ নেই। আমরা একসাথে হারব, এক সাথে জিতব।” 

“তারিকের সাথে আমার কথা হয়েছে। বলেছি, এটা হতেই পারে। আমরা আত্মবিশ্বাসী আছি, মালদ্বীপের বিপক্ষে পরের ম্যাচে আমরা তিন পয়েন্ট পাব।”