২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লপের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন, বললেন ফন ডাইক

লিভারপুলে জার্মান কোচের শেষটা রাঙিয়ে রাখতে বদ্ধপরিকর এই ডাচ ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2024, 09:35 PM

Updated : 27 Jan 2024, 09:40 PM

আচমকাই ইয়ুর্গেন ক্লপের লিভারপুল ছাড়ার ঘোষণা অবাক করেছে অনেককেই। এর বাইরে নন দলটির ফুটবলারও। অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের যেমন সরল স্বীকারোক্তি- জার্মান কোচের এমন সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন।

২০১৫ সালের অক্টোবর থেকে লিভারপুলের দায়িত্বে থাকা ক্লপ শুক্রবার জানান, চলতি মৌসুম শেষে কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।

নিজের সিদ্ধান্তের কথা গত নভেম্বরেই ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দেন ক্লপ। শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণার ঘন্টা খানেক আগে খেলোয়াড়দের সঙ্গে বসেছিলেন তিনি। সেখানে তাদেরকেও জানান এই সিদ্ধান্তের কথা।

ক্লপের ঘোষণার পর লিভারপুলের প্রথম খেলোয়াড় হিসেবে মুখ খুললেন অধিনায়ক ফন ডাইক। ক্লাবের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে ডাচ ডিফেন্ডার বললেন, কোচের সিদ্ধান্ত ধাক্কা হয়ে এসেছে তাদের জন্য। তবে লিভারপুলের অনেক সাফল্যের কারিগর ক্লপের বিদায় রাঙিয়ে রাখতে বদ্ধপরিকর তারা।

“এটা (ক্লপের সিদ্ধান্ত) মেনে নেওয়া কঠিন, কারণ কোচ আমাদের জন্য, আমার জন্য, ক্লাবের জন্য, পুরো প্রিমিয়ার লিগের জন্য অনেক কিছু বলে মনে করি আমি। তবে তিনি তার নিজের এবং পরিবারের জন্য সিদ্ধান্তটি নিয়েছেন।”

“অবশ্যই তিনি আমাদের সঙ্গে একান্তে কথা বলেছিলেন এবং আমরা সবাই একসঙ্গে ছিলাম। যেমনটা আমি বললাম, এটা মেনে নেওয়া কঠিন কিন্তু আমাদের খেলায় মনোযোগ দিতে হবে। এই বছরে আমাদের এখনও অনেক লক্ষ্য অর্জন করতে হবে। আমাদের কোচের সঙ্গে উদযাপনের জন্য কেন মৌসুমটা ভালোভাবে শেষ করব না?"

ক্লপ জোর দিয়েই বলেছেন, মৌসুমের মাঝপথে তার এমন সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব দলের ওপর পড়তে দেবেন না। চলতি মৌসুমে এখনও চার শিরোপার লড়াইয়ে আছে তার দল। ২১ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে প্রিমিয়ার লিগের শীর্ষে। এফএ কাপে তারা উঠে গেছে চতুর্থ রাউন্ডে, লিগ কাপে ফাইনালে, আর চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোয়।

ক্লপের কোচিংয়ে সব বড় শিরোপাই জিতেছে লিভারপুল। ৩০ বছরের খরা কাটিয়ে তার হাত ধরেই ২০১৯-২০ মৌসুমে লিগ শিরোপা জেতে দলটি। তার আগের মৌসুমে তারা ঘরে তোলে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। সেবার উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতে নেয় অ্যানফিল্ডের দলটি। ২০২১-২২ মৌসুমে জেতে ঘরোয়া ডাবল (লিগ কাপ ও এফএ কাপ)।