মাল্টাকে অনায়াসে হারাল ইতালি
জোড়া গোল করেছেন ফরোয়ার্ড দোমেনিকো বেরার্দি।
শক্তি-সামর্থ্যে অনেক পিছিয়ে থাকা মাল্টা কোনো প্রতিরোধই গড়তে পারল না। আক্রমণাত্মক ফুটবলে ম্যাচ জুড়ে আধিপত্য করে অনায়াস জয় তুলে নিল ইতালি।
ইতালির বন্দরনগরী বারিতে শনিবার রাতে ইউরো বাছাইয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা। জাকোমো বোনাভেনতুরার গোলে এগিয়ে যাওয়ার পর দুই গোল করেন দোমেনিকো বেরার্দি। তাদের শেষ গোলটি করেন দাভিদে ফ্রাত্তেসি।
বাছাইয়ে শুরুটা ইংল্যান্ডের বিপক্ষে হেরে হলেও দ্রুতই ঘুরে দাঁড়ায় ইতালি। পরের চার ম্যাচে তিনটিতে জিতল তারা, অন্যটি ড্র।
২২তম মিনিটে প্রতিপক্ষের একটি ভুল পাস ধরে ওঠা আক্রমণে এগিয়ে যায় ইতালি। বক্সে জটলার মধ্যে বল পেয়ে উঁচু কোনাকুনি শটে গোলটি করেন বোনাভেনতুরা।
জাতীয় দলের হয়ে ৩৪ বছর বয়সী এই উইঙ্গারের এটি প্রথম গোল।
প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি দারুণ গোলে ব্যবধান দ্বিগুণ হয়। নিকোলো বারেল্লার পাস ধরে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শট নেন বেরার্দি, বল দূরের পোস্টে লেগে জালে জড়ায়।
৬৩তম মিনিটে বেরার্দির দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় ইতালির।
বাঁদিক দিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে রাসপাদোরি ফরোয়ার্ড মোইজে কিনের উদ্দেশ্যে কাটব্যাক করেন, কিন্তু শট নিতে ব্যর্থ হন তিনি। বল পেছনে ফাঁকায় পেয়ে যান সাস্সুয়োলোর ফরোয়ার্ড বেরার্দি, প্রথম ছোঁয়ায় জোরাল শটে লক্ষ্যভেদ করেন তিনি।
একেবারে শেষ সময়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে স্কোরলাইন ৪-০ করেন ইন্টার মিলান মিডফিল্ডার দাভিদে ফ্রাত্তেসি।
দারুণ এই জয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুইয়ে উঠেছে ইতালি। পাঁচ ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১০। ইতালিয়ানদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে তিনে আছে ইউক্রেইন, একটি ম্যাচ বেশিও খেলেছে তারা।
আর পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে আছে ইংল্যান্ড।
৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নর্থ মেসিডোনিয়া। ফিফা র্যাঙ্কিংয়ের ১৭১ নম্বর দল মাল্টা ছয় ম্যাচ খেলে হেরেছে সবগুলোয়।
