রেফারি বোর্ডের প্রধানসহ ৭ জনকে আটক করল তুরস্ক
এটাকে ‘স্বচ্ছ ফুটবলের জন্য লড়াইয়ের’ সবশেষ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক।
রেফারিং প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগে তুরস্কের কেন্দ্রীয় রেফারি বোর্ডের প্রধান এবং ছয় সদস্যকে আটক করা হয়েছে। দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক বিষয়টি নিশ্চিত করে এটাকে ‘স্বচ্ছ ফুটবলের জন্য লড়াইয়ের’ সবশেষ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
রেফারিদের শ্রেণিবিন্যাস ও ম্যাচে দায়িত্ব দেওয়া, মূল্যায়ন ও নিয়োগের প্রক্রিয়া এবং রেফারিং-সংক্রান্ত নিয়মের নানা ব্যাপারে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসব তথ্য জানিয়েছেন গুরলেক।
দায়ীদের জবাবদিহির আওতায় আনার অঙ্গীকার করেছেন গুরলেক। সব অভিযোগের সঠিক তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিয়ে আবার তুরস্কের ফুটবলে সবার আস্থা ফেরাতে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তদন্তকারীরা এরই মধ্যে অভিযোগকারী ও সাক্ষীদের বক্তব্য নিয়েছেন। বিশেষজ্ঞদের মতামত চেয়েছেন এবং তুরস্কের আর্থিক অপরাধ পর্যবেক্ষণ সংস্থা মাসাকের কাছ থেকে টেলিযোগাযোগের তথ্য ও আর্থিক নথি পর্যালোচনা করা হয়েছে বলেও জানিয়েছেন আইনমন্ত্রী।
