২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ঊষাকে হারিয়ে লিগ জমিয়ে দিল আবাহনী

টেবিলে শীর্ষে থাকা মোহামেডানের ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে দুই দল- আবাহনী ও মেরিনার ইয়াংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2024, 10:30 PM

Updated : 14 Apr 2024, 10:30 PM

চতুর্থ কোয়ার্টারের শুরুতে একজনের পায়ের ফাঁক দিয়ে বল বের করে নিয়ে আরেক জনকে কাটিয়ে নিখুঁত হিটে লক্ষ্যভেদ করলেন আফফান ইউসুফ। এগিয়ে গেল আবাহনী। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে ঊষা ক্রীড়া চক্রকে আবারও হারাল তারা। 

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের সুপার সিক্সের ম্যাচে রোববার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ঊষাকে ৩-২ গোলে হারায় আবাহনী। প্রথম পর্বের দেখায় ২-১ গোলে জিতেছিল তারা। 

বাংলাদেশ পুলিশকে ৭-০ গোলে হারিয়ে সুপার সিক্সে পথচলা শুরুর পর মেরিনার ইয়াংসের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল আবাহনী। ঊষাকে হারিয়ে জয়ে ফিরল তারা।

মেরিনার ইয়াংসের বিপক্ষে ৫-৩ গোলে হেরে সুপার সিক্স শুরু করা ঊষা নিজেদের দ্বিতীয় ম্যাচে অ্যাজাক্স স্পোর্টিংয়ের বিপক্ষে ২-১ গোলে জিতেছিল। ফের হারের তেতো স্বাদ পেল তারা। 

ঈদের বিরতির পর লিগ টার্ফে ফেরার পর এই দুই ম্যাচের ফলে জমে উঠল লিগ টেবিলের লড়াই। ১৩ ম্যাচে ৩১ করে পয়েন্ট আবাহনী ও মেরিনার্সের। ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিনের শুরুতে মেরিনার্সকে হারানো মোহামেডান। 

তৃতীয় মিনিটেই রাকিবুল হাসানের ফিল্ড গোলে এগিয়ে যায় আবাহনী। সমতায় ফিরতে ঊষা লাগে মাত্র পাঁচ মিনিট; পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদ করেন আরশাদ হোসেন। 

ধুন্ধুমার আক্রমণ, পাল্টা আক্রমণ না চললেও স্কোরলাইনে উত্তাপ ছিল যথেষ্টই। অষ্টাদশ মিনিটে আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে আবাহনীকে ফের এগিয়ে নেন। আট মিনিট পর তৈয়ব আলির ফিল্ড গোলে ২-২ সমতায় ফিরে ম্যাচ। 

তৃতীয় কোয়ার্টারে কোনো দলই পায়নি গোল। চতুর্থ কোয়ার্টারের শুরুতে আবাহনীর আফফানের ওই স্টিকের দারুণ কারিকুরিতে করা ফিল্ড গোল গড়ে দেয় ম্যাচের ভাগ্য।