২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বসূরির চোখে এমবাপের ‘খারাপ’ দিক

কিলিয়ান এমবাপের পারফরম্যান্সের প্রশংসায় পঞ্চমুখ হলেও তার কিছু দিক একেবারেই পছন্দ নয় ফ্রান্সের সাবেক বিশ্বকাপ জয়ী ক্রিস্তফ দুগাহির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2023, 04:06 PM

Updated : 17 Jun 2023, 04:06 PM

মাঠে কিলিয়ান এমবাপের সামর্থ্য নিয়ে সাবেক ফরাসি ফুটবলার ক্রিস্তফ দুগাহির সংশয় নেই একবিন্দুও। কিন্তু উত্তরসূরির আচরণের কিছু দিক মোটেও পছন্দ নয় তার। বিশেষ করে, সবকিছুতে এমবাপের মতামত দেওয়ার প্রবণতা ১৯৯৮ এর বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ডের কাছে রীতিমতো ‘অসহ্য’ লাগে!

দুগাহি বিরক্ত আসলে ট্রান্সফার ইস্যুটি যেভাবে এমবাপে সামলাচ্ছেন, সেটা নিয়ে। গত মৌসুমে পিএসজি ছেড়ে তার রিয়াল মাদ্রিদে যাওয়া ‘স্রেফ সময়ের ব্যাপার’ মনে হচ্ছিল একটা সময়, কিন্তু পরে তিনি থেকে যান প্যারিসেই।

সেই ঘটনার পর বছর ঘুরতেই আবারও আলোচনায় এমবাপের দলবদল ইস্যু। পিএসজির সঙ্গে তার দুই বছর চুক্তির এক বছর বাকি আছে। কিন্তু নতুন করে আলোচনা তৈরি হয়েছে আরেক জায়গায়; চুক্তিপত্রে যে শর্তসাপেক্ষে আরও এক বছর বাড়ানোর সুযোগ আছে, তাতে রাজি নয় এমবাপে এবং আগেভাগে তিনি ক্লাব কর্তৃপক্ষকে পরিষ্কার জানিয়েও দিয়েছেন। এ বিষয়গুলো নিয়ে ক’দিন ধরেই নানা ধরনের কথা তিনি বলছেন গণমাধ্যমে।

দলবদল নিয়ে এমবাপের এই কাণ্ডকারখানা একেবারেই পছন্দ হচ্ছে না দুগাহির। আরএমসি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী এবং বর্তমানে টিভি ধারাভাষ্যকার হিসেবে কাজ করা দুগাহি উষ্মা প্রকাশ করলেন।

“এই বিষয়গুলো ভীষণ বিরক্তিকর। সব বিষয়ে মতামত দেওয়ার একটা বাজে প্রবণতা আছে এমবাপের।”

“হয়ত আমরা তাকে খুব বেশি দিয়ে ফেলেছি। যে কেউ এই বিষয়গুলো ভালোভাবে সামলাতে পারে, কিন্তু সে একেবারেই ভালো নয়। রিয়াল মাদ্রিদের সঙ্গে দেখুন সে কী আচরণটাই না করল, দেখুন পিএসজির সঙ্গে কী করছে। সে রিয়ালকে সম্মতি দিয়েছিল, কথা পাকা করেছিল, সমঝোতায়ও পৌঁছেছিল; কিন্তু পরে সে তার মন বদলে ফেলে।”

এমবাপের এই দিক নিয়ে তীর্যক সমালোচনা করলেও তার পায়ের দ্যুতিতে যে তিনি মুগ্ধ, তা আড়াল করেননি দুগাহি। তর্কসাপেক্ষে উত্তরসূরিকে এ মুহূর্তের বিশ্বসেরা মনে করেন তিনি।

“সে দারুণ একটা মৌসুম কাটাচ্ছে। দুর্দান্ত একজন খেলোয়াড়। হয়ত এ মুহূর্তের বিশ্বসেরা খেলোয়াড় সে। সে মাঠে যা করে, তা নিয়ে কোনো তর্ক নেই।”