ফ্রান্সে দূতাবাসের নামে প্রতারণা, ওটিপি না দেওয়ার সতর্কতা
বিজ্ঞপ্তিতে বলা হয়, টিকাদান কার্যক্রমের সঙ্গে দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা নেই।
ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ফোন করে দূতাবাসের পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে একটি চক্র। টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল পাইয়ে দেওয়ার কথা বলে ফোনে ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাওয়ার অভিযোগ পাওয়ার পর প্রবাসীদের সতর্ক করেছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস।
বৃহস্পতিবার দূতাবাসের কনস্যুলার শাখার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মো. বাবুর ইসলাম চৌধুরী’ নামের এক ব্যক্তি নিজেকে দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট পরিচয় দিয়ে বিভিন্ন ফোন নম্বর, ইমো ও হোয়াটসঅ্যাপে প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করছেন। তিনি টিকা বা ভ্যাকসিনের সিরিয়াল দেওয়ার কথা বলে তাদের কাছে ওটিপি চাইছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের স্থানীয় সরকারের স্বাস্থ্যসেবা বা টিকাদান কার্যক্রমের সঙ্গে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা নেই। এ ছাড়া ‘মো. বাবুর ইসলাম চৌধুরী’ নামে কেউ দূতাবাসে কর্মরত নন বা এর সঙ্গে যুক্ত নন।
দূতাবাসের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ফোন বা অনলাইনে কারও সঙ্গে পাসপোর্ট নম্বর, ব্যাংক হিসাবের তথ্য, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য কিংবা ওটিপি ও পিনের মতো গোপন নিরাপত্তা কোড শেয়ার না করার পরামর্শ দিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জরুরি সেবা, অ্যাপয়েন্টমেন্ট বা বিশেষ কোনো সুযোগ পাইয়ে দেওয়ার কথা বলে কেউ যোগাযোগ করলে তা যাচাই না করে বিশ্বাস করা উচিত নয়। সন্দেহজনক ফোন নম্বর ব্লক করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং অ্যাপে অপরিচিত কারও কাছে পাসপোর্ট ও পরিচয়পত্রের ছবি পাঠানো কিংবা অর্থ লেনদেন থেকেও বিরত থাকতে হবে।
দূতাবাসের নাম ব্যবহার করে কেউ প্রতারণার চেষ্টা করলে বা সন্দেহজনক কোনো যোগাযোগের মুখোমুখি হলে সংশ্লিষ্ট বার্তা, ফোন নম্বরসহ প্রমাণ সংরক্ষণ করে দূতাবাসকে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য দূতাবাসের অফিশিয়াল ই-মেইল ঠিকানা mission.paris@mofa.gov.bd-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রবাসীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং সরকারি প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে করা প্রতারণা এড়াতে যেকোনো তথ্য স্বাধীনভাবে যাচাই করার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।
