কামাভিঙ্গা-চুয়ামেনিদের সময় দিতে বললেন আনচেলত্তি
মধ্যমাঠ গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞদের বোঝাপড়া আর তরুণদের দিয়ে ধৈর্য ধরা গুরুত্বপূর্ণ রিয়াল মাদ্রিদ কোচের মতে।
মধ্যমাঠের দীর্ঘদিনের সারথি কাসেমিরো হুট করেই ক্লাব ছেড়েছেন। ধাক্কা কাটিয়ে রিয়াল মাদ্রিদের চ্যালেঞ্জ এখন দ্রুত নিজেদের গুছিয়ে নেওয়া। সেই লড়াইয়ে অভিজ্ঞ ফুটবলারদের বোঝাপড়াকে গুরুত্বপূর্ণ মনে করছেন কার্লো আনচেলত্তি। পাশাপাশি তরুণদের নিয়েও ধৈর্য ধরতে বললেন রিয়াল মাদ্রিদ কোচ।
কাসেমিরো পরবর্তী সময়ে রিয়ালের শুরুটা অবশ্য দারুণই হয়েছে। লা লিগায় শনিবার রাতে সেল্তা ভিগোকে উড়িয়ে দিয়েছে তারা। ৪-১ গোলের জয়ে দলটির পক্ষে একটি করে গোল করেন করিম বেনজেমা, লুকা মদ্রিচ, ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভেরদে।
দারুণ পারফর্ম করে এই ম্যাচে নজর কাড়েন অহেলিয়া চুয়ামেনি। কাসোমিরো চলে যাওয়ায় এখন চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গার মতো তরুণদের ওপর নির্ভারতা বাড়বে দলের। তারা দারুণ প্রতিভাবান, তবে এখনও অনভিজ্ঞ।
ম্যাচের পর আনচেলত্তি সেই দিকটিই তুলে ধরলেন। কাসেমিরো পরবর্তী সময়ে শিষ্যদের করণীয় তুলে ধরেন তিনি।
“এই পালাবদলটা নিয়ে ভাবতে হবে আমাদের। এটা খুব মসৃণ হতে পারে বা সামান্য কঠিনও হতে পারে। অভিজ্ঞরা এটা অনুধাবন করতে পারছে এবং তরুণরা দেখিয়েছে যে তারা জায়গা পাওয়ার যোগ্য।”
“ড্রেসিং রুম ভালোভাবে পরিচালনা করাটা গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞদের বোঝাপড়াটা আমাদের প্রয়োজন, সেই সঙ্গে তরুণদের নিয়ে ধৈর্য ধরতে হবে।”
সেল্তার বিপক্ষে ম্যাচে মদ্রিচের পারফরম্যান্স ছিল অসাধারণ। কাসেমিরোর অনুপস্থিতিতে দুই তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা ও অহেলিয়া চুয়ামেনিকে নিয়ে দারুণ ভাবে সামাল দেন মধ্যমাঠ। নিজে গোল করার সঙ্গে সতীর্থের গোলে অবদানও রাখেন।
দ্বিতীয়ার্ধে যখন মদ্রিচকে তুলে নেওয়া হচ্ছিল, সেল্তার দর্শকরাও অভিনন্দনে সিক্ত করেন তাকে। ৩৬ বছর বয়সী এই তারকার পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন আনচেলত্তি।
“সে অনন্য। সব সময় প্রস্তুত থাকে, সব সময় ভালো খেলে। তার গোলেই খেলার মোড় বদলে গেছে। তখনও পর্যন্ত লড়াই ছিল সমানে সমান এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তারা (সেল্তা) ভালো চাপ তৈরি করছিল এবং আমরা সমস্যায় পড়ছিলাম। দ্বিতীয়ার্ধে আমরা উন্নতি করেছি এবং আমাদের ঘুরে দাঁড়ানো ছিল দারুণ।”
আনচেলত্তি প্রশংসায় ভাসান ফেদে ভালভেরদেকেও। মূলত মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে রক্ষণ বা আক্রমণভাগেও তিনি দারুণ ভূমিকা রাখেন। তাকে গোল পেতে দেখে দারুণ খুশি কোচ।
“সে জানে সে উইঙ্গার নয়। তবে এই জায়গাটায়ও সে দারুণভাবে সামলাতে পারে। সে খুব ভালো মিডফিল্ডার, তবে রক্ষণভাগেও সে আমাদের অনেক সাহায্য করতে পারে।”
“যদিও এখন রদ্রিগো ফিরে এসেছে এবং দলে অবদান রাখার অনেক সামর্থ্য তার আছে। রদ্রিগোকে নিয়ে আমরা ভিন্নভাবে খেলব, কিন্তু ফেদে (ভালভেরদে) গোল করতে শুরু করেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ।”
