বার্সাকে হারালে মোটা অঙ্কের বোনাস পাবেন ভিনিসিউস-বেলিংহ্যামরা
স্প্যানিশ সুপার কাপ জিতলে রেয়াল মাদ্রিদের প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো বোনাস।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে পারলে মোটা অঙ্কের বোনাস পাবেন রেয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। পুরো দলের জন্য মোট ৪০ লাখ ইউরো বোনাস ঘোষণা করেছেন মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে গত বুধবার প্রথম সেমি-ফাইনালে আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে রেয়াল মাদ্রিদ। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতে বার্সেলোনা। একই মাঠে আগামী রোববার শিরোপা লড়াইয়ে নামবে স্পেনের দুই জায়ান্ট।
গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল রেয়াল। এবার নিশ্চয় প্রতিশোধ নিতে চাইবে তারা, পুনরুদ্ধার করতে চাইবে শিরোপা।
দলকে অনুপ্রাণিত করতেই হয়তো বোনাস ঘোষণা করেছেন পেরেস। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত এর খবর, ট্রফি জিততে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।
