২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রোনালদোর নতুন ঠিকানা আল নাস্‌র ক্লাবের জানা-অজানা

যে ক্লাবের নামও বিশ্ব ফুটবলে অনেকে জানতেন না, সেই ক্লাবকে ঘিরে এখন কৌতূহল অনেকের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2022, 01:58 PM

Updated : 04 Jan 2023, 05:50 PM

এশিয়ার ফুটবলে আল নাস্‌র খুব অপরিচিত কোনো ক্লাব নয়। কিন্তু বিশ্ব ফুটবলে কজনই বা জানতেন এই ক্লাবের নাম! ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে টেনে সেই ক্লাবই এখন আলোচনার কেন্দ্রে। সামাজিক মাধ্যমে ক্লাবের পেইজগুলোয় অনুসারী লাখ লাখ বেড়ে চলেছে চোখের পলকে। এই ক্লাবকে ঘিরে আগ্রহ ও কৌতূহলও কম নয়।

এক ঝলকে আল নাস্‌র ক্লাব:

* সৌদি আরবের রাজধানী রিয়াদভিত্তিক ক্লাব আল নাস্‌র প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালে। ১৮ দলের সৌদি পেশাদার লিগে (এসএফএল) খেলে এই ক্লাব।

* গত মৌসুমে লিগে তৃতীয় হয় আল নাস্‌র। চ্যাম্পিয়ন হওয়া আল হিলালের চেয়ে ৬ পয়েন্ট পেছনে ছিল তারা।

* সৌদি লিগের দ্বিতীয় সফলতম দল এটি। ৯ বার তারা জিতেছে লিগ শিরোপা। সবশেষটি ২০১৮-১৯ মৌসুমে। ১৮ লিগ শিরোপার রেকর্ড রিয়াদভিত্তিক আরেক ক্লাব আল হিলালের।

* সৌদি আরবের নক আউট টুর্নামেন্ট ‘দা কিং’স কাপ’ ৬ বার জিতেছে তারা। তবে সবশেষটি ১৯৯০ সালে।

* সৌদি লিগের সর্বোচ্চ গোলদাতা মাজেদ আব্দুল্লাহ খেলতেন আল নাস্‌রের হয়েই। সৌদি আরবের সাবেক এই স্ট্রাইকারের গোল ১৮৯টি, করেছেন মাত্র ১৯৪ ম্যাচেই।

* আল নাস্‌রের ঘরের মাঠ মারসুল পার্ক, যেটির ধারণক্ষমতা ২৫ হাজার।

* এশিয়ার শীর্ষ ক্লাব টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কখনও চ্যাম্পিয়ন হতে পারেনি আল নাস্‌র। ১৯৯৫ সালে রানার্সআপ হওয়াই তাদের সেরা সাফল্য। সৌদি ক্লাবগুলি এই আসর জিতেছে ৬ বার। এর মধ্যে আল হিলাল জিতেছে চারটি, আল ইতিহাদ দুটি।

* আল নাস্‌র ক্লাবের কোচ এখন রুদি গার্সিয়া দায়িত্বে আছেন গত জুন থেকে। এর আগে লিল, এএস রোমা, অলিম্পিক মার্শেই, অলিম্পিক লিঁওর কোচ হিসেবে কাজ করেছেন ৫৮ বছর বয়সী ফরাসি এই কোচ।

* এসপিএলের ক্লাবগুলি সর্বোচ্চ ৮ জন বিদেশি নিবন্ধন করাতে পারে, এক ম্যাচের স্কোয়াডে রাখতে পারে সর্বোচ্চ ৭ জন।

* আল নাসেরের এখনকার দলে বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য ক্যামেরুনের ভিনসেন্ট আবুবাকার। সম্প্রতি বিশ্বকাপে যিনি সার্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে দুর্দান্ত খেলে নজর কাড়েন। এছাড়াও কলম্বিয়ার অভিজ্ঞ গোলকিপার দাভিদ ওসপিনা এবং একসময় ব্রাজিল জাতীয় দল ও বায়ার্ন মিউনিখে খেলা মিডফিল্ডার লুইস গুস্তাভো আছেন এই দলে।

* চলতি মৌসুমে ১০ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার দুইয়ে আছে আল নাস্‌র। শীর্ষে থাকা আল শাহাবের চেয়ে দুই পয়েন্ট পেছনে তারা। ২০২৩-২৪ মৌসুমের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে লিগ শিরোপা জিততে হবে তাদের।