২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউসের জায়গায় হলান্ডকে চান না আনচেলত্তি

ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে পেয়েই সন্তুষ্ট রিয়াল মাদ্রিদ কোচ।

ভিনিসিউসের জায়গায় হলান্ডকে চান না আনচেলত্তি

ভিনিসিউস জুনিয়র (বামে) ও আর্লিং হলান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2023, 07:50 PM

Updated : 14 Apr 2023, 07:52 PM

সময়ের সেরা প্রতিভাবান খেলোয়াড়দের তালিকায় ভিনিসিউস জুনিয়র ও আর্লিং হলান্ড দুজনই আছেন উপরের দিকে৷ তবে ম্যানচেস্টার সিটির হয়ে যে ধারাবাহিকভাবে গোল উৎসব করে চলেছেন হলান্ড, তাতে তিনি ফুটবল বিশ্বের নজর করেছেন বিশেষভাবে। নরওয়ের এই ফরোয়ার্ডকে নিজ দলে পেলে অনেক কোচই বর্তে যাবেন। তবে এক্ষেত্রে কার্লো আনচেলত্তির মত ভিন্ন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউসেই বেশি আস্থা রিয়াল মাদ্রিদ কোচের।

ভিনিসিউস যেভাবে তার গতিময় আগ্রাসী ফুটবলে দলে অবদান রাখেন, একের পর এক আক্রমণ শাণিয়ে প্রতিপক্ষের রক্ষণকে এলোমেলো করে দেন, দলের প্রয়োজনে নিয়মিত গোলও করেন-সব মিলিয়ে তার পারফরম্যান্সে খুব খুশি আনচেলত্তি। তাইতো সম্ভব হলেও ভিনিসিউসের জায়গায় তিনি দলে টানতে চান না হলান্ডকেও!

রিয়ালের গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ভিনিসিউস এই মৌসুমেও আছেন ছন্দে। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২১টি গোলের পাশাপাশি তার নামের পাশে আছে ১৪টি অ্যাসিস্ট।

২০২২-২৩ মৌসুমে রিয়ালের হয়ে ভিনিসিউসের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন কেবল এদুয়ার্দো কামাভিঙ্গা।

গত গ্রীষ্মে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে দুরন্ত ফর্মে আছেন হলান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে এরই মধ্যে তিনি গোল করে ফেলেছেন ৪৫টি।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে নিজ নিজ ম্যাচে সহজ জয় পেয়েছে রিয়াল ও সিটি। দলের জয়ে আলো ছড়িয়েছেন ভিনিসিউস ও হলান্ড দুজনই। দুই দলই সেমি-ফাইনালের টিকেট পেলে মুখোমুখি হতে পারেন তরুণ এই দুই তারকা।

কাদিসের বিপক্ষে লা লিগায় শনিবার কাদিসের মুখোমুখি হবে রিয়াল আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তিকে প্রশ্ন করা হয় যে, সম্ভব হলে ভিনিসিউসের জায়গায় তিনি হলান্ডকে দলে ভেড়াবেন কি-না। এতে বিরক্ত হয়ে ইতালিয়ান কোচ বলেন, 'না, এটা কেমন প্রশ্ন!'

“সবারই নিজস্বতা আছে। মাদ্রিদ ভিনিসিউসের থেকে সুফল পায় এবং (সিটি কোচ পেপ) গুয়ার্দিওলা পায় হলান্ডের কাছ থেকে।”

কাদিসের বিপক্ষে ভিনিসিউস ও টনি ক্রুস খেলবেন না বলে নিশ্চিত করেছেন আনচেলত্তি। তাদের অ্যাবডাক্টরে সামান্য চোট সমস্যা আছে, তবে গুরুতর নয়। সতর্কতার অংশ হিসেবে দুজনকে বিশ্রাম দিয়েছেন কোচ।

লিগে ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে শিরোপাধারী রিয়াল। সমান ম্যাচে ৭২ পয়েন্টে শীর্ষে বার্সেলোনা।