২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরাদের কাতারে ইউনাইটেডকে ‘স্বাগত’ জানালেন গুয়ার্দিওলা

ম্যানচেস্টার সিটি কোচের চোখে, দারুণ কাজ করছেন এরিক টেন হাগ।

সেরাদের কাতারে ইউনাইটেডকে ‘স্বাগত’ জানালেন গুয়ার্দিওলা

ছবি: টুইটার 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2023, 04:26 PM

Updated : 28 Feb 2023, 04:36 PM

ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ শিরোপা খরা কেটে যাওয়া ক্লাবটির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন পেপ গুয়ার্দিওলা। নগর প্রতিদ্বন্দ্বীদের লিগ কাপ জয়ে অভিনন্দন জানিয়ে ম্যানচেস্টার সিটি কোচ বললেন, সেরাদের কাতারে ফিরে এসেছে এরিক টেন হাগের দল।

লিগ কাপের ফাইনালে গত রোববার নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ছয় বছরের মধ্যে নিজেদের প্রথম শিরোপা জিতেছে এরিক টেন হাগের দল।

চলতি মৌসুমে ইউনাইটেডের দায়িত্ব নিয়েই শিরোপা জিতে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছেন টেন হাগ। প্রিমিয়ার লিগে গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে শেষ করা দলটি এখন আছে তিন নম্বর স্থানে। ইউরোপা লিগে গত সপ্তাহে তারা বার্সেলোনাকে হারিয়ে নিশ্চিত করেছে শেষ ষোলোয় খেলা।

২০১৩ সালে কোচের পদ থেকে স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায়ের পর ক্রমেই ইউরোপ ও ইংল্যান্ডের সেরাদের কাতারে নিম্নগামী হতে থাকে ইউনাইটেডের অবস্থান। তবে এখন টেন হাগের হাত ধরে পুর্বাভাস মিলছে ক্লাবটিতে সুদিন ফেরার।

ঠিক তেমন সম্ভাবনা দেখছেন গুয়ার্দিওলাও। এফএ কাপের পঞ্চম রাউন্ডে মঙ্গলবার ব্রিস্টল সিটির বিপক্ষে খেলবে সিটি। ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে ‘ইউনাইটেড আবার পুরনো রূপে ফিরেছে’ কিনা, এই প্রশ্নের উত্তরে স্প্যানিশ এই কোচ বলেন, বিষয়টি কেবল সময়ের ব্যাপার ছিল।

“সবার আগে (ম্যানচেস্টার) ইউনাইটেডকে লিগ কাপের জন্য অভিনন্দন, ফাইনালে খেলার জন্য - নিউক্যাসলকেও (ইউনাইটেড) শুভেচ্ছা, ম্যাচটা দারুণ বিনোদন দিয়েছে।”

“(ইউনাইটেডের সুদিন ফিরছে কিনা) হ্যাঁ, শীঘ্রই বা কিছুদিন পরেই, এমনটাই তো হওয়াই কথা, তাই না? তাই কি নয়? এটাই হওয়া উচিত। স্বাগতম। তাদের যে অবস্থানে থাকা উচিত এখন তারা সেখানেই আছে।”

গুয়ার্দিওলা মনে করেন, ইউনাইটেডের কোচ হিসেবে দারুণ কাজ করছেন টেন হাগ।

“এরিক (টেন হাগ) অবিশ্বাস্য কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা কতটা প্রতিশ্রুতিবদ্ধ, কী দারুণভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য পূরণের চেষ্টা করছে।”