ক্ষুব্ধ টেন হাগ বললেন, ‘আমরা যথেষ্ট ভালো নই’
কোচের মতো ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসও বোর্নমাউথের কাছে হার মেনে নিতে পারছেন না।
বোর্নমাউথের বিপক্ষে পিছিয়ে পড়ার পর কিছুটা লড়াই করলেও পেরে ওঠেনি ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট তালিকার নিচের সারির দলের বিপক্ষে বিধ্বস্ত হয়ে স্বাভাবিকভাবেই ভীষণ হতাশ কোচ এরিক টেন হাগ। ম্যাচের ফল তো অবশ্যই হতাশাজনক, তবে কোচকে বেশি কষ্ট দিচ্ছে ম্যাচে ছেলেদের বাজে পারফরম্যান্স।
প্রিমিয়ার লিগে শনিবার বোর্নমাউথের বিপক্ষে ৩-০ গোলে হেরে গেছে ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে এই প্রথম বোর্নমাউথের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে ‘রেড ডেভিলস’ নামে পরিচিত দলটি।
পঞ্চম মিনিটে ডমিনিক সোলাঙ্কির গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। এরপর কিছু সুযোগ তৈরি করলেও সেভাবে প্রতিপক্ষের রক্ষণের পরীক্ষা নিতে পারেনি ইউনাইটেড। পরে দ্বিতীয়ার্ধে ৫ মিনিটের মধ্যে দুই গোল করে জয় নিশ্চিত করে সফরকারীরা; গোল দুটি করেন ফিলিপ বিলিং ও মার্কাস সেন্সি।
লিগে নিজেদের মাঠে দুই ম্যাচ জয়ের পর আবার হারের তেতো স্বাদ পেল ইউনাইটেড। কোচের মতো অধিনায়ক ব্রুনো ফের্নান্দেসও এই হার মানতে পারছেন না। তার কাছে দলের পারফরম্যান্স ‘অগ্রহণযোগ্য’।
চলতি মাসের শুরুতে নিউক্যাসল ইউনাইটেডের কাছে হারের পর তীব্র সমালোনার মুখে পড়েন টেন হাগ। এরপর চেলসিকে ২-১ গোলে হারিয়ে ছন্দে ফেরার আশা জাগালেও বোর্নমাউথের বিপক্ষে এই হার প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে দলে কোচের অবস্থানকে।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে টেন হাগ নিজেদের শুরুর পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
“ধারাবাহিকভাবে পারফর্ম করার জন্য আমরা যথেষ্ট ভালো দল নই। আমি অবশ্যই বিরক্ত, হতাশ। আমি ভিন্ন কিছু আশা করেছিলাম। ম্যাচে আমরা যেভাবে শুরু করেছি, তা মোটেও ভালো ছিল না। খুব খারাপ ছিল।”
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সমান ১১টি করে ম্যাচে জিতেছে ও হেরেছে ইউনাইটেড৷ এর মধ্যে প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচের সাতটিতে হেরেছে তারা।
লিগে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।
