বের্নাবেউয়ে পা রাখতে দিন গুনছেন সাহসী এন্দ্রিক
লুইস সুয়ারেস চেয়েছিলেন এন্দ্রিক যেন যোগ দেন বার্সেলোনায়, কিন্তু তিনি স্বপ্ন পূরণের জন্য বেছে নিলেন বার্সেলোনার প্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদকে।
শৈশব থেকেই এন্দ্রিক ভয়ডরহীন। ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে ছেলেবেলায় ব্রাসিলিয়া ছেড়ে গিয়েছিলেন সাও পাওলোতে। এরপর অনেকটা পথ পেরিয়ে পালমেইরাস হয়ে নাম লিখিয়েছেন রেয়াল মাদ্রিদে। এই ব্রাজিলিয়ান তরুণের চোখে এখন নতুন স্বপ্নের আঁকিবুকি।
পুরো নাম এন্দ্রিক ফেলিপে মোরেইরা জি সোলজা। সংক্ষেপে এন্দ্রিক। মাত্র ১৬ বছর বয়সে রেয়ালের মতো বড় ক্লাবের সঙ্গে চুক্তি করতেও সাহস লাগে, যেটা আছে তার। মার্কার সঙ্গে আলাপচারিতায় এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার শোনালেন ফুটবলার হয়ে ওঠা, ব্রাজিল দলে জায়গা পাওয়া, রেয়ালকে ঘিরে দেখা স্বপ্ন থেকে শুরু করে আরও অনেক গল্প।
ছেলেবেলা থেকে এন্দ্রিকের একটাই স্বপ্ন-হতে হবে ফুটবলার। এই চাওয়া পূরণের জন্য ভয়ডরহীন মানসিকতা খুব জরুরি ছিল বলেও মনে করেন তিনি।
“যখন আমি খুবই ছোট, আমাকে প্রমাণ করতে হতো যে আমি কাউকে ভয় পাই না। এর সবকিছুই শুরু হয়েছিল খুবই ছেলেবেলায়। আমি শুধু ফুটবল খেলতে চাইতাম। এই বিষয়ে নিজের কাছে আমি খুব পরিষ্কার ছিলাম আর ফুটবলার হতে হলে কাউকে বা কোনো কিছুতে ভয় পেলে চলবে না। সেটাই আমি করেছি, খুব ছোট বেলা থেকেই করেছি।”
এখনই অবশ্য রেয়ালের হয়ে খেলা হচ্ছে না এন্দ্রিকের। আগামী বছর জুলাইয়ে ১৮ বছর পূরণ হবে তার। আপাতত খেলবেন পালমেইরাসের হয়ে। তবে রেয়ালে খেলা মানেই যে মহাভার কাঁধে তোলা, তা ভালো করেই বুঝতে পারছেন এই তরুণ।
“রেয়ালের হয়ে খেলা অনেক দায়িত্বের, অনেক বড় চ্যালেঞ্জ। এই জার্সি পরে খেলতে এবং সমর্থকদের সঙ্গে সবকিছু উপভোগের জন্য উন্মুখ হয়ে আছি। রেয়ালে মাদ্রিদের অংশ হওয়ার স্বপ্ন আমি ছেলেবেলা থেকে দেখেছি। জানি, এখনও আমার সামনে পালমেইরাসের হয়ে খেলার চ্যালেঞ্জটুকু রয়েছে এবং আমি সেটা পূরণের চেষ্টা করব; কমপক্ষে তাদেরকে শীর্ষে রাখতে সাহায্য করব। তবে হ্যাঁ, আমি অবশ্যই এরই মধ্যে রেয়ালকে নিয়ে ভাবতে শুরু করেছি।”
রেয়ালে স্বদেশি ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোকে পাবেন এন্দ্রিক। দুজনের কাছ থেকে মাদ্রিদের দলটি সম্পর্কে আগে থেকে অনেক কিছু জেনেছিলেন বলেও জানালেন তিনি।
“তাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হয়েছিল আমার। আপনাদের মনে থাকতে পারে -আমাদের তিন জনের বাইক ট্রেনিংয়ের ছবিটা? তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে, ছুটি কাটাতে যাচ্ছি কি-না…(রেয়ালে) প্রতিদিনের ঘটনা, কাজকর্ম সম্পর্কে তারা আমাকে অনেক কিছু বলত, এই সবকিছুর গুরুত্ব, সবদিক থেকে এই ক্লাবের বিশালতা…সঙ্গে এটাও বলত, রেয়ালে যাওয়ার পর আমি উপলব্ধি করতে পারব বিষয়গুলো।”
ভিনিসিউস, রদ্রিগোদের কাছ থেকে শোনা গল্প আর এন্দ্রিকের নিজের স্বপ্ন এক বিন্দুতে মিলে যাওয়ায় লুইস সুয়ারেসের চাওয়া পূরণ হয়নি। উরুগুয়ের এই ফরোয়ার্ড চেয়েছিলেন এন্দ্রিক যেন যোগ দেন তার সাবেক ক্লাব বার্সেলোনায়।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে সুয়ারেস খেলেন ব্রাজিলিয়ান লিগের দল গ্রেমিওতে। ফলে তাকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে এন্দ্রিকের। সুয়ারেসের চাওয়া পূরণ করতে না পারলেও তার কাছ থেকে অনেক কিছু শেখার কথা কৃতজ্ঞতাভরে জানালেন এন্দ্রিক।
“বার্সেলোনার হয়ে সুয়ারেসের অনেক ম্যাচ দেখেছি আমি। চিয়াগো সিলভা ও দাভিদ লুইসকে কাটিয়ে পিএসজির জালে তার করা একটি গোল মনে আছে আমার। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং তিনি (সুয়ারেস) ব্রাজিলিয়ান ফুটবলে অনেক অবদান রেখেছেন।”
