‘বেকেনবাউয়ারই প্রথম জার্মান সুপারস্টার’
নশ্বর পৃথিবীকে চিরবিদায় জানানো ফ্রানৎস বেকেনবাউয়ারের শোকে বিহ্ববল ফুটবল বিশ্ব।
নানা রকম ব্যাধি বাসা বেঁধেছিল শরীরে। স্মৃতিশক্তিও লোপ পাচ্ছিল। তবু পৃথিবীর আলো-বাতাসে বেঁচে ছিলেন ফ্রানৎস বেকেনবাউয়ার। কিন্তু সোমবার লড়াইয়ে হার মানলেন এই জার্মান কিংবদন্তি। না ফেরার দেশে পাড়ি জমানো বেকেনবাউয়ারকে হারিয়ে শোকে বিহ্ববল ফুটবল বিশ্ব।
দুদিন আগেই কিংবদন্তি মারিও জাগালোর প্রয়াণে কেঁদেছিল ফুটবল দুনিয়া। সেই রেশ কাটতে না কাটতে এবার পৃথিবীর মায়া ছাড়লেন অধিনায়ক ও কোচ হিসেবে বিশ্বকাপ জেতা প্রথম ফুটবলার বেকেনবাউয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
১৯৭৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মান দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বেকেনবাউয়ার। ১৯৯০ সালের জয়ী দলের কোচ ছিলেন। বিবিসি রেডিও ফাইভের লাইভে জার্মান ফুটবল ধারাভাষ্যকার টাউফিক খালিল একমাত্র ডিফেন্ডার হিসেবে দুটি ব্যালন দ’র জয়ী বেকেনবাউয়ারকে শ্রদ্ধা জানান ‘প্রথম জার্মান সুপারস্টার’ বলে।
“তিনি ছিলেন সর্বকালের সেরা তারকা। তিনিই জার্মানিতে বিশ্বকাপ এনেছিলেন। সুন্দর ফুটবলের সঙ্গে সবসময় তার নামটা জুড়ে থাকবে। ইয়োহান ক্রুইফ রাজা, কিন্তু বেকেনবাউয়ার সম্রাট। তিনি হাতে যা নিতেন, তা-ই সোনায় পরিণত হতো। তিনিই প্রথম জার্মান সুপারস্টার।”
“কিংবদন্তি কাইজারকে হারিয়ে ফুটবল বিশ্ব শোকে কাতর। সেই সময়ে ফুটবল যেভাবে খেলা হতো, তিনি তা নতুন করে সাজিয়েছিলেন তার অতুলনীয় বৈচিত্র, রক্ষণ থেকে মাঝমাঠের ভেতর আভিজাত্যপূর্ণ বিচরণ, নিখুঁত বল নিয়ন্ত্রণ এবং উদ্ভাবনী ধরন দিয়ে।”
১৯৫৮ সালে বায়ার্নে যোগ দেন বেকেনবাউয়ার, পাঁচ বছর পর মূল দলে হয় অভিষেক। ১৯৭১ সালে পান বাভারিয়ানদের নেতৃত্ব। জেতেন ১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫ ও ১৯৭৫-৭৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স ক্লাবস কাপ শিরোপা। ঘরে তোলেন চারটি ঘরোয়া লিগ শিরোপা। জার্মানির সফলতম ক্লাবটির হয়ে ৫৮২ ম্যাচ খেলা এই কিংবদন্তির সোনালী সময়ের স্মৃতিচারণও করেন খালিল।
“জার্মান জাতীয় দল ও বায়ার্ন মিউনিখের সফলতম সময়ে তার নেতৃত্বগুণ ফুটে উঠেছিল এবং কোচের দায়িত্বেও সেই আলো ছড়ান তিনি। নিঃসন্দেহে ফুটবলের সর্বকালের সেরা উত্তরাধিকারদের মধ্যে একজন তিনি। একজন সত্যিকারের কিংবদন্তির বিদায়!”
