২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিতেও হাসি নেই ইউভেন্তুসের, ইউরোপা লিগে রোমা

আগামী মৌসুমে ইউভেন্তুস খেলবে ইউরোপের কনফারেন্স লিগে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2023, 03:31 AM

Updated : 05 Jun 2023, 03:31 AM

মৌসুমের একেবারে শেষভাগে এসে শাস্তিস্বরূপ ১০ পয়েন্ট হারানোয় লিগ টেবিলের শীর্ষ চারের দৌড় থেকে ছিটকে পড়ে ইউভেন্তুস। তাদের কিঞ্চিৎ সম্ভাবনা ছিল ইউরোপা লিগে জায়গা পাওয়ার, শেষ ম্যাচে উদিনেসেকে হারিয়ে আশাও জাগায় তারা। কিন্তু আরেক ম্যাচে স্পেৎসিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে শেষ টিকেটটা লুফে নিয়েছে রোমা।

উদিনেসের মাঠে রোববার সেরি আয় শেষ রাউন্ডে ১-০ গোলে জিতেছে ইউভেন্তুস। একমাত্র গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

একই সময়ে শুরু আরেক ম্যাচে রোমা ঘরের মাঠে স্পেৎসিয়ার সঙ্গে ১-১ ড্রয়ে থাকায় আশা বেঁচে ছিল ইউভেন্তুসের। কিন্তু সেখানে শেষ দিকে পাওলো দিবালার সফল স্পট কিকে জয় পায় রোমা। সেই সঙ্গে তারা উঠে যায় ষষ্ঠ স্থানে। তাদের পয়েন্ট ৬৩।

পরের মৌসুমের ইউরোপা লিগে জায়গা করে নেওয়া আরেক দল আতালান্তা। ৬৪ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে তারা।

৬২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে লিগ করল ইউভেন্তুস। ইউরোপের তৃতীয় সেরা টুর্নামেন্ট উয়েফা কনফারেন্স লিগে খেলবে তারা।

অনেক আগেই শিরোপা লড়াইয়ের নিষ্পত্তি হয়ে গেছে। ৩৩ বছরের খরা কাটিয়ে আবারও চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। শেষ দিনে মাঠে নেমেছিল তারাও; সাম্পদোরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষটা রাঙিয়েছে দিয়েগো মারাদোনার সাবেক ক্লাব।

৩৮ ম্যাচে ২৮ জয় ও ৬ ড্রয়ে ৯০ পয়েন্ট নিয়ে আসর শেষ করল চ্যাম্পিয়নরা।

শীর্ষ চারের লড়াইও শেষ হয়ে গিয়েছিল আগেই। ৭৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে লাৎসিও। ২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় ইন্টার মিলান।

শেষ দিনে মাঠে নামে শীর্ষ চারের অপর দল এসি মিলান। ভেরোনাকে ৩-১ গোলে হারানো দলটির পয়েন্ট ৭০।

পয়েন্ট তালিকার যথাক্রমে শেষ তিন স্থানে থেকে অবনমন হয়েছে ভেরোনা, ক্রেমোনেসে ও সাম্পদোরিয়ার।