২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লপের কাঠগড়ায় রেফারি

ইংলিশ রেফারি পল টিয়েরনির আচরণ বোধগম্য নয় লিভারপুল কোচের কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2023, 03:46 PM

Updated : 01 May 2023, 05:13 PM

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর রেফারিকে একহাত নিলেন ইয়ুর্গেন ক্লপ। লিভারপুল কোচ বললেন, তাদের নিয়ে হয়ত কোনো ‘সমস্যা’ আছে পল টিয়েরনির এবং এই ইংলিশের সঙ্গে তাদের ‘ইতিহাস’ রয়েছে। 

প্রিমিয়ার লিগে গত রোববারের ম্যাচে শুরুতেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। টটেনহ্যাম ৩-৩ সমতা টানার পর যোগ করা সময়ে ক্লপের দলকে তিন পয়েন্ট এনে দেন দিয়াগো জটা। 

জটার গোলের পর তা উদযাপনের সময় দৌড়ে চতুর্থ অফিশিয়ালের সামনে গিয়ে কিছু বলতে দেখা যায় ক্লপকে। এজন্য তাকে হলুদ কার্ড দেখান রেফারি। বিষয়টি ভালো লাগেনি লিভারপুল কোচের৷ 

এর আগেও অবশ্য টিয়েরনির সমালোচনা করেন ক্লপ। ২০২১ সালে টটেনহ্যামের বিপক্ষেই একটি ম্যাচে বিপজ্জনক ট্যাকলের জন্য হ্যারি কেইনকে লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন এই জার্মান। 

রোববারের ম্যাচের পর স্কাই স্পোর্টসকে ক্লপ বলেছেন, টিয়েরনির আচরণ বোধগম্য নয় তার কাছে। 

“আমি সত্যিই জানি না আমাদের বিরুদ্ধে তার কী সমস্যা আছে। তিনি বলেছেন কোনো সমস্যা নেই, তবে সেটা সত্য হতে পারে না।” 

“তিনি আমার দিকে যেভাবে তাকান, আমি তা বুঝতে পারি না... আমার উদযাপন অপ্রয়োজনীয় ছিল এবং সেটা আমি মেনে নিচ্ছি, কিন্তু হলুদ কার্ড দেখানোর সময় তিনি আমাকে যা বলেছিলেন তা ঠিক নয়।” 

তবে টিয়েরনি ঠিক কী বলেছিলেন সেটা প্রকাশ করেননি ক্লপ। 

লিগে ৩৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে লিভারপুল।