২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিকান নেশন্স কাপে সালাহর আর খেলার ‘সম্ভাবনা নেই’

লিভারপুলের সহকারী কোচ পেপাইন লেন্ডার্স জানিয়েছেন, মিশরের এই ফরোয়ার্ডের মাঠে ফিরতে তিন-চার সপ্তাহ সময় লাগবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2024, 08:53 PM

Updated : 23 Jan 2024, 08:53 PM

আফ্রিকান নেশন্স কাপে দল উঠেছে নকআউট পর্বে। তবে সেই অভিযানে মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহর খেলার আর সম্ভাবনা নেই বললেই চলে। কারণ, তার হ্যামস্ট্রিংয়ের চোট যেমন ধারণা করা হয়েছিল, তার চেয়ে গুরুতর বলেই শোনা যাচ্ছে। 

লিভারপুলের সহকারী কোচ পেপাইন লেন্ডার্স জানিয়েছেন, নতুন কোনো সমস্যা দেখা না দিলে তিন-চার সপ্তাহের মধ্যে মাঠে ফিরতে পারবেন সালাহ। 

গত বৃহস্পতিবার ঘানার বিপক্ষে ২-২ ড্র ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ে চোট পান সালাহ। পরদিন জানানো হয়, কেপ ভার্দের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে খেলতে পারবেন না সালাহ। মিশর শেষ ষোলোয় উঠলে ওই ম্যাচেও তিনি অংশ নিতে পারবেন না। 

মহাদেশ সেরার এই টুর্নামেন্টে দল সেমি-ফাইনালে উঠলে সালাহকে পাওয়ার আশায় ছিল মিশর। তা এক রকম উবে গেল লেন্ডার্সের কথায়। 

ইতোমধ্যে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে গেছে মিশর। শেষ ম্যাচে সোমবার কেপ ভার্দের বিপক্ষে না জিততে পারলেও (২-২ ড্র) তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের রানার্সআপ হয়েছে তারা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, পরবর্তী চিকিৎসা চালিয়ে যেতে জাতীয় দল ছেড়ে এখন ক্লাবে ফিরে যাবেন সালাহ। 

লিগ কাপের সেমি-ফাইনালে দ্বিতীয় লেগে বুধবার ফুলহ্যামের মাঠে খেলবে লিভারপুল। এর আগের দিন সালাহর বিষযে প্রশ্নের উত্তরে সাংবাদিকদের ওই কথা বলেন লেন্ডার্স। 

“সবকিছু ঠিকঠাক ভাবে এগোলে তিন-চার সপ্তাহের মধ্যে তার খেলায় ফেরার আশা করা যায়।” 

“ভালোভাবেই সবকিছু হবে এবং ঠিকঠাক থাকবে, কারণ এর আগে এভাবেই আমরা তার চিকিৎসা করেছি।” 

এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৪টি গোল করেছেন ৩১ বছর এই ফরোয়ার্ড। নেশন্স কাপে প্রথম ম্যাচ খেলতে নেমেও জালের দেখা পান তিনি। মোজাম্বিকের বিপক্ষে হারতে বসা লড়াইয়ে শেষ মুহূর্তে সালাহর পেনাল্টি গোলেই ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে মিশর। 

দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজনেক এভাবে শুরুতেই হারানো তাই মিশরের জন্য অনেক বড় ক্ষতির।