২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্সেনালের বিপক্ষে হেরে ‘সব শেষ হয়ে যায়নি’, মনে করেন সিলভা

দ্রুতই সিটি ঘুরে দাঁড়াতে পারবে বলে বিশ্বাস এই পর্তুগিজ মিডফিল্ডারের।

আর্সেনালের বিপক্ষে হেরে ‘সব শেষ হয়ে যায়নি’, মনে করেন সিলভা

ম্যাচ শেষে বিষন্ন মুখে মাঠ ছাড়ছেন ম্যানচেস্টার সিটির বের্নার্দো সিলভা মাথেউস নুনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2023, 03:50 PM

Updated : 09 Oct 2023, 03:50 PM

আট বছর পর আর্সেনালের বিপক্ষে প্রিমিয়ার লিগে হারের অভিজ্ঞতা হয়েছে। লিগ টেবিলে শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করে নেমে যেতে হয়েছে তৃতীয় স্থানে। তবে বের্নার্দো সিলভা মুষড়ে পড়ছেন না মোটেও। এই হারে সবকিছু শেষ হয়ে গেছে বলেও মনে করেন না তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে রোববার এমিরেটস স্টেডিয়ামে শেষ দিকে গোল হজম করে আর্সেনালের বিপক্ষে ১-০ ব্যবধানে হারে সিটি। এই হারের পর আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ২০ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার শীর্ষে আর আর্সেনাল রয়েছে দ্বিতীয় স্থানে। ১৭ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে চতুর্থ স্থানে।

চলতি লিগে এ নিয়ে সবশেষ ‍দুই ম্যাচেই হারল সিটি। এমন দুঃসময়ে একটু বিশ্রাম নিয়ে নিজেদের কাজে মনোযোগ দিতে চান সিলভা। ক্লাবের ওয়েবসাইটে এই পর্তুগিজ মিডফল্ডার জানান, দ্রুত ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাসের কথাও।

“পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে আমাদের শারীরিক ও মানসিকভাবে বিশ্রাম নেওয়া প্রয়োজন। কেননা, কাজগুলো কঠিন হবে এবং গত মৌসুমের মতো যে দিকগুলোতে উন্নতি করতে পারি, সেখানে উন্নতির করতে হবে।”

“আন্তর্জাতিক বিরতি থেকে আমরা শক্তভাবে ফিরে আসার চেষ্টা করব। (আর্সেনাল ম্যাচ হেরে যাওয়ায়) দুনিয়ার সবকিছু শেষ হয়ে যায়নি। যদিও আমরা ভীষণ বাজে পরিস্থিতির মধ্যে আছি।”

চ্যাম্পিয়নদের লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকাটা মানতে পারছেন না সিলভা। দ্রুতই শীর্ষে ফিরতে চান তিনি।

“প্রিমিয়ার লিগে টানা দুই হারের ধাক্কা সামলে আমাদের ঘুরে দাঁড়ানোর এবং যে স্থানে থাকার যোগ্য বলে আমি মনে করি, সেই শীর্ষে ফেরার চেষ্টা করা প্রয়োজন।”

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আগামী ২১ অক্টোবর পরের লিগ ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের মুখোমুখি হবে সিটি। এরপর ২৯ অক্টোবর লড়বে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। সিটি কোচ গুয়ার্দিওলাও তাকিয়ে আছেন সামনের দিকে। আর্সেনালের বিপক্ষে হার নিয়ে সিলভার সুরেই সুর মেলালেন তিনি।

“আমরা পিছিয়ে আছি, কিন্তু এটা কেবল অক্টোবর। এমনটা এই প্রথম হচ্ছে না। গত মৌসুমেও হয়েছিল, আরও বেশি পিছিয়ে ছিলাম আমরা…তবে মৌসুমটা দীর্ঘ।”