‘বিশ্বকাপ নিয়ে ভাবার আগে মরক্কোর আফ্রিকান কাপ জেতা উচিত’
মরক্কোর ফরোয়ার্ড সোফিয়ান বুফালের কাছে আফ্রিকার শ্রেষ্ঠত্ব অর্জনই বেশি চ্যালেঞ্জিং।
কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালিস্ট, আরবের প্রথম দল হিসেবে ব্রাজিলকে হারানোর কীর্তি- দারুণ সময় কাটানো মরক্কো বড় স্বপ্ন দেখতেই পারে। তবে সোফিয়ান বুফাল চান, এটা হোক প্রক্রিয়া মেনে, ধাপে ধাপে। ২০২৬ বিশ্বকাপ শিরোপা লড়াইয়ের নামার আগে এই উইঙ্গার জিততে চান আফ্রিকান নেশন্স কাপ।
চোখ জুড়ানো পারফরম্যান্সে গত বিশ্বকাপে তাক লাগিয়ে দেয় মরক্কো। গ্রুপ পর্বে বেলজিয়ামকে বিদায় করার পর নকআউট পর্বে স্পেন ও পর্তুগালকে ছিটকে দিয়ে আফ্রিকার প্রথম দেশ হিসেবে জায়গা করে নেয় সেমি-ফাইনালে। শেষ চারে অবশ্য তাদের স্বপ্নময় পথচলা থামায় ফ্রান্স। আসরে চতুর্থ হয় ওয়ালিদ রেগরাগির দল।
চমকের ধারা বজায় রেখে গত মার্চে প্রীতি ম্যাচে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে দেয় মরক্কো। একের পর এক দুর্দান্ত কীর্তিতে সবার প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে তারা। দলটির মাঝে ভবিষ্যতে বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও দেখছেন কেউ কেউ।
তবে এতদূর না ভেবে ধাপে ধাপে এগিয়ে যেতে চান বুফাল। সম্প্রতি কাতারের আলকাস স্পোর্টসকে তিনি বলেছেন, সবার আগে আফ্রিকান নেশন্স কাপ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত তাদের, এরপর বিশ্বকাপ।
“আমাদের অবশ্যই নিজেদের অগ্রাধিকার ঠিক করতে হবে। প্রথমে আমাদের অবশ্যই আফ্রিকান নেশন্স কাপ জিততে হবে। আমরা খুব ভালো করেই জানি যে এটি একটি কঠিন ও জটিল প্রতিযোগিতা এবং তা জেতার পর বিশ্বকাপ নিয়ে চিন্তা করার জন্য আমাদের অনেক সময় থাকবে।”
নেশন্স কাপের পরবর্তী আসর বসবে আগামী বছর, কোত দি ভোয়ায়। সবার আগে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে মরক্কো। আফ্রিকার এই প্রতিযোগিতায় দেশটি সবশেষ শিরোপা জিতেছিল ১৯৭৬ সালে।
প্রায় অর্ধশতাব্দী হতে চলল শিরোপা জয়ের। ২৯ বছর বয়সী বুফাল দীর্ঘ খরার অবসান ঘটানোর পর অন্য চ্যালেঞ্জ নিয়ে ভাবতে চান।
“বিশ্বকাপ থেকে নেশন্স কাপ ভিন্ন কিছু এবং অতীতে পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না, তাই আমাদের অবশ্যই মানসিকভাবে শক্তিশালী থাকতে হবে।”
“অনুশীলন ও স্টেডিয়ামের মানের ক্ষেত্রে বিশ্বকাপে সবকিছুই দুর্দান্ত থাকে, তবে আফ্রিকায় ব্যাপারটা ভিন্ন। আমাদের অবশ্যই বাস্তববাদী হতে হবে এবং টুর্নামেন্টের জন্য ভালোভাবে প্রস্তুত হতে হবে, যা মোটেও সহজ হবে না।”
