২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউনাইটেডের ব্যাজের জন্য লড়বে, এমন ফুটবলার চাই’

কোচ এরিক টেন হাগ মনে করেন, মাঠে পারফরম করতে হলে সাফল্যের জন্য ক্ষুধার্ত খেলোয়াড় দলে থাকা প্রয়োজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2024, 03:58 PM

Updated : 14 Jan 2024, 04:14 PM

চলতি মৌসুমে ধারাবাহিকতা খুঁজে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড। উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে তারা। দলের ভঙ্গুর আত্মবিশ্বাস জোড়া লাগাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এরিক টেন হাগ, কিন্তু খুব একটা কাজ হচ্ছে না। এবার তিনি চেয়েছেন এমন খেলোয়াড়, যারা ইউনাইটেডের ব্যাজের জন্য লড়বে। 

টেন হাগ এমন সময় কথাটি বললেন, যখন ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে উপরের দিকে থাকা টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইউনাইটেড। আশা করা হচ্ছে রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি দেখতে মাঠে উপস্থিত থাকবেন তাদের নতুন অংশীদার স্যার জিম র‌্যাটক্লিফ। 

এ মুহূর্তে ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। ৩১ পয়েন্ট নিয়ে নবম ইউনাইটেড। লিগে ধুঁকতে থাকা ‘রেড ডেভিলরা’ সম্প্রতি ভাঙা-গড়ার মধ্যেও আছে। এরই মধ্যে ধারে বরুশিয়া ডর্টমুন্ডে মৌসুমের বাকি সময়ের জন্য চলে গেছেন জ্যাডন স্যানচো। 

মৌসুমের বাকি অংশের পথচলায় তাই সাফল্যের জন্য ক্ষুধার্ত ফুটবলারের প্রয়োজন টেন হাগ অনুভব করছেন ভীষণভাবে।

 “আপনি যদি মাঠে পারফরম করতে চান, তাহলে আপনার ক্ষুধার্ত খেলোয়াড় প্রয়োজন। আপনার ব্যক্তিত্বপূর্ণ খেলোয়াড় দরকার, যারা এই ক্লাব এবং ইউনাইটেডের জন্য লড়তে প্রচণ্ড ক্ষুধার্ত থাকবে।” 

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ১৪ ম্যাচে হারের তেতো স্বাদ পেতে হয়েছে ইউনাইটেডকে। বাকি অংশের জন্য চলতি জানুয়ারির দলবদলে পেশাদার মনোভাবের খেলোয়াড় ক্লাবে আনতে চান টেন হাগ। 

“এটা শৃঙ্খলার বিষয় নয়, সাধারণ আচরণ সম্পর্কিত। শীর্ষ পর্যায়ের একজন পেশাদার ফুটবলারের কাছ থেকে আপনি কি প্রত্যাশা করতে পারেন, বিষয় আসলে সেটা।” 

টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে চলে যাওয়া হ্যারি কেইনকে দলে টানার সুযোগ ইউনাইটেডের সামনে ছিল। কিন্তু গ্রীষ্মকালীন দলবদলের সময় তারা ২০ বছর বছর ডেনিস স্ট্রাইকার রাসমুস হয়লুনকে দলে ভেড়ায়। নতুনদের পারফরম্যান্সে সন্তুষ্ট টেন হাগ। 

“আমরা মেধাবী খেলোয়াড় দলভুক্ত করেছিলাম এবং মেধাবীদের (মেলে ধরার জন্য) সময় প্রয়োজন। আপনারা আলেহান্দ্রো গারনাচো ও কোবি মেইনোর উন্নতি দেখেছেন; রাসমুস হয়লুনের উন্নতিও দেখছেন। এ মুহূর্তে আমাদের আরও সময় প্রয়োজন, কিন্তু সেটা আমাদের হাতে নেই। এই ধাক্কাগুলো মেনে নিয়েই চলতে হবে আমাদের, কিন্তু এটা প্রক্রিয়ারই অংশ।”