২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গিনদোয়ানের বার্সায় যোগ দেওয়ার গুঞ্জন

চলতি মৌসুমের পর ম্যানচেস্টার সিটির সঙ্গে এই জার্মানের চুক্তির মেয়াদ শেষ হবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2023, 04:26 PM

Updated : 31 Mar 2023, 04:44 PM

আগামী গ্রীষ্মের দলবদলে বার্সেলোনায় যোগ দিতে পারেন ইলকাই গিনদোয়ান, বাতাসে ভাসছে এমন গুঞ্জন। বিষয়টি একেবারে উড়িয়ে দেননি তার এজেন্ট ইলহান গিনদোয়ানও। বললেন, ম্যানচেস্টার সিটি মিডফিল্ডারের ভবিষ্যৎ এখন উন্মুক্ত।

২০১৯ সালে সিটির সঙ্গে করা গিনদোয়ানের চার বছরের চুক্তির মেয়াদের আর তিন মাস বাকি আছে, শেষ হবে আগামী জুনে। চুক্তি নবায়ন নিয়ে আলোচনা হলেও তা এখনও আলোর মুখ দেখেনি।

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির ২৭ ম্যাচের মধ্যে ২৪টিতেই খেলেছেন গিনদোয়ান। পেপ গুয়ার্দিওলার দলে বেশ গুরুত্বপূর্ণ সদস্য এই জার্মান। তবে গণমাধ্যমের খবর, ক্লাব ছাড়তে পারেন তিনি এবং গন্তব্য হতে পারে বার্সেলোনা। কাম্প নউয়ের ক্লাবটি নাকি তাকে দুই বছরের চুক্তির প্রস্তাব দিতে প্রস্তুত।

সম্প্রতি দা গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে গিনদোয়ানের চাচা ও এজেন্ট ইলহান বলেন, এই খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে তারা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

“কোনো ক্লাবের সঙ্গে এখনও কোনো চুক্তি হয়নি। সাম্প্রতিক সময়ে ইলকাইয়ের (গিনদোয়ান) মনোযোগ কেবল ম্যানচেস্টার সিটি এবং তার সদ্যোজাত ছেলের দিকে।”

“এখন সে মৌসুমের চূড়ান্ত ও গুরুত্বপূর্ণ ধাপে আছে এবং সেদিকেই তার সম্পূর্ণ মনোযোগ। পরের মৌসুমে ইলকাই কোথায় খেলবে, তা এখনও উন্মুক্ত।”

২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে যোগ দেন গিনদোয়ান। ম্যানচেস্টারের ক্লাবটির হয়ে এখন পর্যন্ত চারটি প্রিমিয়ার লিগসহ অনেক শিরোপা জিতেছেন তিনি।