২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোল পেয়ে খুশি সোহেল, গোল হজম না করে তৃপ্ত কাবরেরা

যদিও প্রস্তুতি ম্যাচের গোল, তারপরও সোহেল রানা উচ্ছ্বসিত বাংলাদেশের জার্সিতে জালের দেখা পেয়ে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2023, 07:34 PM

Updated : 12 Jun 2023, 07:34 PM

প্রস্তুতি ম্যাচে নিজেদের গুছিয়ে নেওয়াই থাকে মূল লক্ষ্য। ফল সেখানে খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু কম্বোডিয়ান প্রিমিয়ার লিগের দল টিফফি আর্মির বিপক্ষের প্রস্তুতি ম্যাচের জয় থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে নিতে চাইছে বাংলাদেশ।

টিফফি আর্মি স্টেডিয়ামে সোমবার প্রস্তুতি ম্যাচে ১-০ গোলে জিতে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মিডফিল্ডার সোহেল রানা।

এই গোল সোহেলের আন্তর্জাতিক পরিসংখ্যানের পাতায় যোগ হবে না। কিন্তু ২৭ বছর বয়সী এই ফুটবলারের দেশের জার্সিতে জালের দেখা পাওয়ার আনন্দ কম নয়।

“আলহামদুলিল্লাহ, জাতীয় দলের হয়ে প্রথম গোল পেয়ে ভালো লাগছে, যদিও আন্তর্জাতিক ম্যাচ না। অবশ্যই এটা আমার ক্যারিয়ারের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আগামীতে কাজে দেবে।”

আগামী বৃহস্পতিবার কম্বোডিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে টিফফি আর্মির বিপক্ষে জয় এবং ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়ার তৃপ্তি কাবরেরার কণ্ঠে।

“অনুশীলনেও আমরা এই দিকে (রক্ষণ) গভীর মনোযোগ দিয়েছিলাম। আমরা জানি, বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপের মতো সংক্ষিপ্ত কলেবরের টুর্নামেন্টে গোল না খাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই বিষয়টা দলের ভাবনায় খুব ভালোভাবে ছিল।”

“আজ গোল হজম না করার সর্বোচ্চ চেষ্টা করব-এটা আমাদের গেম প্ল্যানের মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর একটি ছিল। প্রতিপক্ষরা সুযোগ পেয়েছিল, পজেশনেও ভালো ছিল, কিন্তু আমরাও তাদের জন্য বিপদ তৈরি করেছিলাম, ভালোভাবে রক্ষণ সামলেছি, বক্সে জমাট ছিলাম…যেটা আজ আমাদের সবচেয়ে ইতিবাচক দিক।”

প্রস্তুতি ম্যাচ বলে ঘুরিয়ে ফিরিয়ে অনেককে পরখ করে নিয়েছেন কাবরেরা। তবে আরও গোল না পাওয়ায় কিছুটা হতাশাও তিনি জানিয়েছেন বাফুফের মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায়।’

“হ্যাঁ, আমরা সন্তুষ্ট (ফল নিয়ে)। আমরা জানতাম, শক্তিশালী দলের বিপক্ষে কঠিন প্রতিযোগিতা হবে। বিশেষ করে শারীরিক শক্তিশালী দলের বিপক্ষে। খেলোয়াড়রা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। শুরুতে, ম্যাচে ফিরতে কিছুটা সময় লেগেছে কারণ তাঁরা কিছুটা আক্রমণাত্মক খেলেছে। তবে ১০-১৫ মিনিট পর আমরা নিয়ন্ত্রণ নিয়েছি।”

“আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছি, সোহেল গোল করেছে। প্রথমার্ধে আরও এক-দুইটি গোল করতে পারলে ভালো ফলাফল হতো। এটা যথেষ্ট, বিশেষ করে ডিফেন্স লাইন খুবই নির্ভরযোগ্য ছিল। দ্বিতীয়ার্ধে গুরুত্বপূর্ণ ছিল যে, যারা জাতীয় দলে খুব বেশি খেলতে পারেনি তাদেরকে সময় দেওয়া।”

অধিনায়ক জামাল ভূঁইয়াও সুর মেলালেন কোচের সঙ্গে। কম্বোডিয়ার বিপক্ষে আসল লড়াইয়ে দলের কাছে আরও ভালো পারফরম্যান্স চাইলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

“সব মিলিয়ে ভালো ম্যাচ ছিল। প্রথমার্ধে অনেক সুযোগ পেয়েছি। আমরা ভালো খেলেছি। এই দলের বিপক্ষে খেলা সহজ নয়। ওদের দলে ৩-৪ জন বিদেশি খেলছে। ইতিবাচক দিক হচ্ছে, আমরা জিতেছি এবং গোল হজম করিনি।”

“কোচ যা চেয়েছে, আমরা তা চেষ্টা করেছি। কখনও হয়েছে আবার কখনো হয়নি। আমরা শিখছি। এই ম্যাচ আমাদের জন্য খুবই ভালো হয়েছে। পরের ম্যাচ আরও কঠিন হবে। ১০০ এর মধ্যে অন্তত ৯০ ভাগ দিতে হবে আমাদের।

টিম ম্যানেজার আমের খানের মনে হচ্ছে, এই জয় ‘টিম স্পিরিট’ বাড়িয়ে দিবে। ভিসা জটিলতার অবসান হওয়ায় বিশ্বনাথ ঘোষ এবং ইসা ফয়সাল মঙ্গলবার দলের সঙ্গে যোগ দিবেন বলেও জানিয়েছেন তিনি।

২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের চতুর্দশ আসর। গত ১৩ আসরের মধ্যে ২০০৩ সালে প্রথম এবং সবশেষ দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জিতেছিল বাংলাদেশ।

এবারের প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপের বাকি তিন দল লেবানন, মালদ্বীপ ও ভূটান। ২২ জুন লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু হবে কাবরোর দলের। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে দলের প্রতিপক্ষ যথাক্রমে মালদ্বীপ ও ভূটান।