ফিরেই সিটিকে জেতালেন হলান্ড
প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় আবারও আর্সেনালকে টপকে গেল পেপ গুয়ার্দিওলার দল।
দারুণ আক্রমণাত্মক ফুটবলে শুরুর দিকেই গোল পেল ম্যানচেস্টার সিটি। কিছুক্ষণ পরই জোড়া ধাক্কা; একজন খেলোয়াড় হারানোর পাশাপাশি হজম করে পেনাল্টি গোল। জেঁকে বসে পয়েন্ট হারানোর শঙ্কা। সেখান থেকে দলকে উদ্ধার করলেন আর্লিং হলানড্। চোট কাটিয়ে ফিরেই দলকে জয়ের আনন্দে ভাসালেন নরওয়ের এই ফরোয়ার্ড।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে ফুলহ্যামকে ২-১ ব্যবধানে হারিয়েছে সিটি।
হুলিয়ান আলভারেসের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর লাল কার্ড দেখেন জোয়াও কানসেলো। আর সমতা টানেন আন্দ্রেয়াস পেরেইরা। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় আক্রমণে ভুগে যোগ করা সময়ে হলান্ডের পেনাল্টি গোলে জয়ের উচ্ছ্বাসে ভাসে সিটি।
নাটকীয় এই জয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে উঠল পেপ গুয়ার্দিওলার দল। এক ম্যাচ কম খেলা আর্সেনালের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে সিটি।
টানা আক্রমণে শুরু থেকে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত করে তোলা সিটি গোল পেয়ে যায় ১৭তম মিনিটে। ইলকাই গিনদোয়ানের দারুণ থ্রু বল ডি-বক্সে পেয়ে প্রথম ছোঁয়ায় কোনাকুনি শটে লক্ষ্যে পাঠান আলভারেস।
গত জুলাইয়ে সিটিতে পাড়ি জমানো ২২ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড টানা দুই ম্যাচে গোল করলেন। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে সেভিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ে দলের দ্বিতীয় গোলটি করেন তিনি।
২৪তম মিনিটে কাছ থেকে জালে বল পাঠান সিটির জন স্টোনস। তবে বাজে অফসাইডের বাঁশি। পরের মিনিটেই জোড়া ধাক্কা খায় তারা।
এক মিনিট পরই প্রতি-আক্রমণে সিটির ডি-বক্সে ঢুকে পড়া হ্যারি উইলসনকে ফাউল করে লাল কার্ড দেখেন কানসেলো। পেনাল্টি পায় ফুলহ্যাম। রেফারির এই সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানায় সিটির খেলোয়াড়রা, ডাগআউটে কোচ পেপ গুয়ার্দিওলাও অসন্তোষ প্রকাশ করেন।
সফল স্পট কিকে বেলজিয়ান মিডফিল্ডার পেরেইরা সমতা টানেন। একই সঙ্গে একজন খেলোয়াড় হারানো এবং গোল হজমের ধাক্কা ভালোভাবেই লাগে সিটি শিবিরে। শুরুর দাপট প্রথমার্ধের বাকি সময়ে আর দেখাতে পারেনি তারা।
চোট কাটিয়ে ফেরা হলান্ডকে ৬৪তম মিনিটে আলভারেসের বদলি নামান কোচ। একই সঙ্গে জ্যাক গ্রিলিশের জায়গায় নামান ফিল ফোডেন।
মাঠে নামার ১০ মিনিটের মাথায় জালে বল পাঠান হলানড্। তবে কিঞ্চিৎ ব্যবধানে অফসাইডে ছিলেন তিনি, ভিএআরে থেমে যায় সিটির উল্লাস।
প্রথমার্ধে গোলের উদ্দেশ্যে ১০ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখা সিটি দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময়ে আরও চারটি শট নেয়; কিন্তু লক্ষ্যে ছিল না একটিও।
যোগ করা সময়ের পঞ্চম মিনিটে অবশেষে সেই কাঙ্ক্ষিত ক্ষণ; ডি-বক্সে কেভিন ডে ব্রুইনে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। হলান্ডের শট নিখুঁত ছিল না, গোলরক্ষক ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন; কিন্তু বল তার হাতে লেগে জালে জড়ায়।
লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জয়ের দৌড়ে অনেক এগিয়ে যাওয়া হলান্ড এই নিয়ে ১২ ম্যাচে ১৮ গোল করলেন হলান্ড।
১৩ ম্যাচে ১০ জয় ও দুই ড্রয়ে সিটির পয়েন্ট ৩২। ১২ ম্যাচ খেলা আর্সেনালের পয়েন্ট ৩১।
রোববার চেলসির মাঠে জিতলে আবারও শীর্ষে ফিরবে আর্সেনাল।
