২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসি আসার আগে বার্সেলোনাকে কেউ চিনত না’

বিস্ফোরক এই মন্তব্য করেছেন লিওনেল মেসির ভাই মাতিয়াস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2023, 04:36 PM

Updated : 09 Feb 2023, 04:42 PM

বিস্ফোরক মন্তব্য করে তোলপাড় ফেলে দিয়েছেন লিওনেল মেসির ভাই মাতিয়াস মেসি। আর্জেন্টাইন তারকার পা পড়ার আগে কাতালুনিয়ার দলটিকে কেউ চিনত না বলে দাবি করেছেন তিনি।

ব্যক্তির চেয়ে দল বড়-খোদ মেসিও ঘুরেফিরে বলেন এই কথা। বার্সেলোনার প্রতি কখনও ভালোবাসা, শ্রদ্ধা আড়াল করেননি তিনি। জীবনের প্রয়োজনে প্রিয় কাম্প নউয়ের আঙিনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমালেও বার্সেলোনার প্রতি তার অনুভূতি আছে আগের মতোই। যদিও তার চলে যাওয়া নিয়ে পরে কথা হয়েছে অনেক এবং সেখানে ভালো-মন্দ দুই রকমই ছিল।

স্ট্রিমিং প্ল্যাটফার্ম টুইচের সঙ্গে আলাপচারিতায় মাতিয়াস বার্সেলোনা কর্তৃপক্ষের উপর ক্ষোভ ঢেলে দিয়েছেন। বলেছেন, তার ভাই যোগ দেওয়ার আগ পর্যন্ত বার্সেলোনাকে চিনত না কেউ!

“মেসির কারণে বার্সেলোনা পরিচিতি পেয়েছে। কেউই তাদের সম্পর্কে আগে জানত না। যার বার্সেলোনায় যাওয়ার এবং তাদের জাদুঘর দেখার সুযোগ হয়েছে, সেখানেই দেখা যায় তাদের জাদুঘর মানেই মেসি।”

কৈশরে হরমোনের সমস্যা নিয়ে বার্সেলোনায় নোঙর ফেলেছিলেন মেসি। ন্যাপকিন পেপারে চুক্তি, লা মেসাইয়ার আঙিনায় তার বেড়ে ওঠে, মুগ্ধতা ছড়ানো ফুটবল খেলে জাদুকর হয়ে ওঠা –সব গল্প হয়ে আছে। কাতালুনিয়ার দলটির হয়ে ক্লাব ক্যারিয়ারে এমন কোনো ট্রফি নেই, যা ছুঁয়ে দেখা হয়নি মেসির। এর মধ্যে আছে ১০টি লা লিগার ট্রফি, চারটি চ্যাম্পিয়ন্স লিগ। এছাড়াও ব্যক্তিগত ভুরিভুরি পুরস্কার বার্সেলোনার জার্সিতেই জিতেছেন মেসি।

কিন্তু মাতিয়াসের মন্তব্য বড়ই বেসুরো। কেননা, মেসি যোগ দেওয়ার আগে থেকেই শিরোপা সাফল্যে ভেসেছে বার্সেলোনা। লা লিগার ২৬টি শিরোপার অধিকাংশই মেসি জামানার আগে জেতা।

দলটির জার্সিতে খেলেছেন কিংবদন্তি ইয়োহান ক্রুইফ, পেপ গুয়ার্দিওলা, রোনাল্ড কোমান, রোনালদো, রোনালদিনিয়ো, ফিগো, পাত্রিচ ক্লুইভার্টের মতো আরও অনেক তারকা। পিছিয়ে থাকা মানুষের হাতে গড়া বার্সেলোনা ক্লাব ফুটবলের মানচিত্রে অনেক আগেই থেকেই পরিচিত।

যদিও মেসির বিশালতা নিয়ে প্রশ্ন নেই, কিন্তু তার ভাই মাতিয়াসের মন্তব্য বার্সেলোনার জন্য অপমানজনক। গণমাধ্যমে মাতিয়াসের বিস্ফোরক মন্তব্য প্রকাশিত হওয়ার পর ফুটবলপ্রেমীদের অনেকের মন্তব্যেও প্রতিফলিত হচ্ছে তা।