২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

ইন্টার মায়ামিই সুয়ারেসের শেষ ক্লাব

উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার জানিয়েছেন, তিনি দাঁড়িয়ে আছেন নিজের শেষ চ্যালেঞ্জের সামনে।

ইন্টার মায়ামিই সুয়ারেসের শেষ ক্লাব

২০২৩ সালের ডিসেম্বরে এক বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দেন লুইস সুয়ারেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2024, 02:45 PM

Updated : 16 Feb 2024, 02:52 PM

মেজর লিগ সকারেই নিজের ক্লাব ক্যারিয়ারের শেষ দেখছেন লুইস সুয়ারেস। উরুগুয়ের অভিজ্ঞ এই স্ট্রাইকার জানিয়েছেন, ইন্টার মায়ামিই তার শেষ ক্লাব।

গ্রেমিও ছাড়ার পর গত ডিসেম্বরে এক বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দেন সুয়ারেস। ৩৭ বছর বয়সী এই তারকা যুক্তরাষ্ট্রের ক্লাবে পেয়েছেন লিওনেল মেসি, সের্হিও বুসকেতস ও জর্দি আলবাকে। যারা এক সময়ে বার্সেলোনায় ছিলেন তার সতীর্থ। তাদের সঙ্গে পাঁচ বছরে স্পেনের শীর্ষ লিগ লা লিগায় জিতেছিলেন চার শিরোপা।

মেসি, বুসকেতসের সঙ্গে খেলার জন্যই মায়ামিতে এসেছেন সুয়ারেস। উরুগুয়ের রেডিও স্টেশন দেল সোলকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্লাব ক্যারিয়ারের ইতি টানতে চান এখানেই।

“ইন্টার মায়ামিই হবে আমার শেষ ক্লাব। আমার পরিবার এরই মধ্যে এটা জানে। এখনও তারিখ ঠিক করিনি, তবে এটাই আমার শেষ ধাপ।

“আমার শেষ চ্যালেঞ্জের জন্য আমি তৈরি। তবে অনিবার্য ক্লান্তি তো আছে, দিন শেষে ভবিষ্যতে আমি মানসম্মত একটি জীবন চাই।”

আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদেও খেলা সুয়ারেস ২০০৭ থেকে উরুগুয়ের হয়ে খেলেছেন ১৩৮ ম্যাচ।

আগামী বুধবার রিয়াল সল্ট লেক ম্যাচ দিয়ে শুরু হবে মায়ামির মেজর লিগ সকারের নতুন আসর।