৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মাঝে লেভারকুজেন ছাড়ার ঘোষণা জার্মান ডিফেন্ডারের

আগামী জুলাইয়ে জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে জোনাথান টাহর।

বার্সেলোনায় যাওয়ার গুঞ্জনের মাঝে লেভারকুজেন ছাড়ার ঘোষণা জার্মান ডিফেন্ডারের
জোনাথান টাহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2025, 09:26 PM

Updated : 26 Aug 2026, 12:33 PM

চলতি মৌসুমের পর বায়ার লেভারকুজেনের জার্সিতে আর দেখা যাবে না জোনাথান টাহকে। ক্লাবটি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জার্মান এই ডিফেন্ডার। 

আগামী জুলাইয়ে লেভারকুজেনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে ২৯ বছর বয়সী টাহর। মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত আগেই নিয়েছেন তিনি। এরই মধ্যে ক্লাবকে সবকিছু জানিয়েও দিয়েছেন এই ফুটবলার।

টাহর বার্সেলোনার যাওয়ার গুঞ্জন রয়েছে। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন তাদের প্রতিবেদনে লিখেছে, চলমান আর্থিক সমস্যা সত্ত্বেও এই গ্রীষ্মে একজন সেন্টার-ব্যাককে দলে টানতে চায় স্প্যানিশ ক্লাবটি। টাহর সঙ্গে তাদের যোগাযোগ আছে বলেও খবর বেরিয়েছে।

বুন্ডেসলিগায় রোববার সেন্ট পাউলির বিপক্ষে ১-১ ড্র করে লেভারকুজেন। ম্যাচটি শেষে জার্মান সংবাদ মাধ্যম কিকারকে টাহ নিশ্চিত করেন, লেভারকুজেনে বেশিদিন না থাকার কথা।

“(ক্লাব ছাড়ার) আমার কোনো সময়সীমা নির্ধারণ করা নেই, তবে এটা সম্পর্কে ক্লাব জানে।”

“বরাবরের মতোই আমি সবকিছু খোলামেলাভাবে জানিয়েছি। প্রথম থেকেই সবকিছু বলা হয়েছে। একটা সময় ছিল যখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে চুক্তির মেয়াদ বাড়াব না এবং এখানে থাকব না, এখন এভাবেই চলছে।”

২০১৫ সালে সালে লেভারকুজেনে যোগ দেন টাহ। এখন পর্যন্ত দলটির হয়ে ৩৯৮ ম্যাচ খেলেছেন তিনি। ১৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১৩টি।