এলচের বিপক্ষে দলগত পারফরম্যান্সের তৃপ্তি শাভির
স্কোয়াডের যারা খুব বেশি খেলার সুযোগ পান না, বার্সেলোনা কোচের কাছে তাদের অবদানও গুরুত্বপূর্ণ।
একপেশে লড়াইয়ে এলচেকে গুঁড়িয়ে লা লিগা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। জোড়া গোলের আলো ছড়িয়েছেন রবের্ত লেভানদোভস্কি। তবে কারো ব্যক্তিগত নৈপুণ্যে নয়, এই ম্যাচে শাভি এরনান্দেসের নজর কেড়েছে দলগত পারফরম্যান্স। নিয়মিত বা খুব বেশি যারা খেলার সুযোগ পায় না, তারাও মাঠে নেমে ভালো করায় সন্তুষ্ট বার্সেলোনা কোচ।
স্পেনের শীর্ষ লিগে শনিবারের ম্যাচে ৪-০ গোলে জেতে বার্সেলোনা। লেভানদোভস্কি শুরুর দিকে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে বাকি তিনটি গোল করে তারা। আনসু ফাতি ব্যবধান দ্বিগুণ করার পর পোলিশ তারকা করেন নিজের দ্বিতীয় গোল। আর শেষ গোলটি করেন ফেররান তরেস।
পয়েন্ট টেবিলের তলানির দল এলচের বিপক্ষে বার্সেলোনার এমন দাপুটে জয় অনুমেয়ই ছিল। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে গেছে শাভির দল।
২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলা রিয়াল ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে।
ম্যাচ শেষে দলগত পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করলেন শাভি। বিশেষ করে দলের অনিয়মিত সদস্যরাও যেভাবে পারফর্ম করেছে, তাতে খুব খুশি বিশ্বকাপ জয়ী সাবেক এই মিডফিল্ডার।
“দারুণ একটি রাত কাটল। শুরু থেকে শেষ পর্যন্ত দল খুব ভালো খেলেছে। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় ছিল, যারা খুব বেশি খেলে না।”
“তবে তারা শীর্ষ মানের পারফরম্যান্স দেখিয়েছে। …(লা লিগা জয়ের দিকে) আমরা আরও একটি পদক্ষেপ নিয়েছি, আমরা এখন শিরোপার আরও কাছাকাছি। আমরা দেখিয়েছি যে, আমরা একটি ইউনিট।”
