রক্ষণ নিয়ে সংকটে বার্সেলোনা
আট দিনের মধ্যে তিন ম্যাচ খেলতে নামার আগে বার্সেলোনার রক্ষণ হয়ে গেছে নড়বড়ে।
আট দিনের মধ্যে খেলতে হবে তিন-তিনটি ম্যাচ। এমন ব্যস্ত সূচি সামনে রেখে রক্ষণ নিয়ে দুর্ভাবনায় পড়ে গেছেন বার্সেলোনা কোচ শাভি এরনান্দেস। যদিও হাতে ‘বিকল্প’ আছে বলছেন তিনি, কিন্তু রক্ষণের ‘নড়বড়ে অবস্থা’ আড়াল করতে পারছেন না কোনোভাবে।
কাম্প নউয়ে রোববার বাংলাদেশ সময় রাত ১টায় লা লিগার ম্যাচে সেল্তা ভিগোর মুখোমুখি হবে বার্সেলোনা। এরপর ইন্টার মিলানের বিপক্ষে খেলে ১৬ অক্টোবর ক্লাসিকোয় তারা লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
এই তিন ম্যাচে চার ডিফেন্ডার এক্তর বেইয়েরিন, জুল কুঁন্দে, রোনালদ আরাহো ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের খেলার তেমন সম্ভাবনা নেই।
ফ্রেংকি ডি ইয়ং লম্বা বিরতির পর শনিবার দলের সঙ্গে যোগ হয়েছেন। সেল্তা ভিগো ম্যাচে এই ডাচ মিডফিল্ডারকে রক্ষণ সামলানোর দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনা কোচ!
“একজন সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবেও খেলতে পারে ফ্রেংকি। প্রাক-মৌসুমে আমরা এই চেষ্টা করেছিলাম। সে তার দায়িত্বগুলো ভালোই সামলেছিল। সে শক্তিশালী এবং গতিময় খেলোয়াড়।”
“ভালো দিক হচ্ছে, আমাদের হাতে বহুমূখী প্রতিভাসম্পন্ন অনেক ফুটবলার আছে, যারা ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে পারে। রক্ষণে খেলানোর আরও বিকল্প আমাদের হাতে আছে। তবে নিশ্চিতভাবে, ফ্রেংকি এই পজিশনে খেলতে পারে।”
কোচ যতই নিশ্চিত হোন না কেন, ডি ইয়ং অবশ্য রক্ষণের জন্য সবচেয়ে সহজাত বিকল্প নয় বার্সেলোনার জন্য। এ মুহূর্তে তাদের শুধু দুজন ডিফেন্ডার ফিট আছেন-এরিক গার্সিয়া ও জেরার্দ পিকে।
এর বাইরে একমাত্র বিকল্প স্কোয়াডে জায়গা পাওয়া ১৯ বছর বয়সী ডিফেন্ডার চাদি রিয়াদ। বার্সেলোনার সিনিয়র টিমের হয়ে অভিষেকের অপেক্ষায় এই তরুণ। তার বার্সেলোনার ‘বি’ দল আতলেতিকে জায়গা পাওয়াও খুব বেশিদিন হয়নি। তবে বার্সেলোনার যুব দলে রাফা মার্কেসের কোচিংয়ে নিয়মিত খেলেছেন তিনি। তরুণ রিয়াদকে মনে ধরেছে শাভির।
“মাঠে কার্যকর পাস দেওয়ার সামর্থ্য আছে তার। তার গড়ন ভালো, মনোভাব আগ্রাসী। আমরা রিয়াদের বেড়ে ওঠা অনুসরণ করছিলাম। ছেলেটি এরই মধ্যে মূল দলে চলে এসেছে। সে তার নিবেদন প্রমাণ করেছে এবং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।”
