‘কিভাবে এই ম্যাচ হারলাম’
নটিংহ্যাম ফরেস্টের মাঠে হার লিভারপুলের জন্য বড় ধাক্কা বলে মনে করেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ।
চ্যাম্পিয়ন্স লিগে রেঞ্জার্সকে স্রেফ খড়-কুটোর মতো উড়িয়ে দেওয়া, এরপর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারানোর আত্মবিশ্বাসের ছিটেঁফোটাও দেখা গেল না লিভারপুলের খেলায়। অবনমন অঞ্চলের দল নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরে গেল তারা। দলের এমন ভরাডুবির কারণ বুঝেই উঠতে পারছেন না লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
নটিংহ্যামের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার পর মোহামেদ সালাহ, রবের্তো ফিরমিনোরা শেষ দিকে মরিয়া চেষ্টা করেও দলকে রক্ষা করতে পারেননি। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ক্লপের কণ্ঠে তাই হতাশা, বিস্ময়ের মিশেল।
“যতটা বাজে অনুভূতি হওয়া সম্ভব, ততটাই অনুভব করছি। এটা আমাদের জন্য খুব বড় ধাক্কা। সত্যি বলতে আমি বুঝতেই পারছি না, কিভাবে এই ম্যাচ হারলাম। বলছি না যে, আমরা অসাধারণ খেলেছি…কিন্তু (ফল) ভালো হতে পারত।”
ওয়েস্ট হ্যামের বিপক্ষে জয়ের নায়ক এবং দলের আক্রমণভাগের তারকা স্ট্রাইকার দারউইন নুনেসকে ছাড়াই খেলতে নামে লিভারপুল। সালাহ-ফিরমিনোরা সে শূন্যতা পূরণ করতে পারেননি। সেট-পিস থেকে পাওয়া সুযোগগুলোও কাজে লাগাতে পারেনি দল। ক্লপ মনে করেন, প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগও দিয়েছেন তারা।
“সপ্তাহজুড়ে আটসাঁট সূচির কারণে আমাদের পরিবর্তনগুলো আনতে হয়েছিল এবং স্পষ্টতই আমাদের লড়াই করতে হতো। ছেলেরা সেটা করেছেও। নটিংহ্যাম যে সুযোগ পেয়েছে, সেগুলো প্রতি-আক্রমণ থেকে, যেখানে আমরা খুব সহজে বল হারিয়েছি।”
“মাঠে আমরা আসলেই ভয়ঙ্কর ছিলাম এবং সেট-পিসে শতভাগ সুযোগও পেয়েছিলাম। তার কোনোটাই কাজে লাগাতে না পারাটা আমাদের মূল ধাক্কাটা দিয়েছে।“
৫৫তম মিনিটে স্টিভ কুকের নিচু আড়াআড়ি ক্রসে তাইয়োর প্রথম শট আলিসনকে ফাঁকি দিলেও পোস্টে লেগে প্রতিহত হয়, ফিরতি শটে লক্ষ্যভেদ করেন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এই গোলটি যক্ষের ধনের মতো আগলে রেখে জয় তুলে নেয় নটিংহ্যাম। এই গোলের পেছনেও সহজে বল হারানোর দায় দেখছেন ক্লপ।
“যে গোলটি আমরা খেলাম, সেটা বল হারানোর কারণে, ওই পরিস্থিতিতে যা উচিত হয়নি… তারা সেটাই কাজে লাগাল।”
