২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগ জিততে পিএসজির করণীয় জানা নেই এমবাপের

মাঠে কেবল নিজের কাজটা ঠিকঠাক করার দিকেই মনোযোগ ফরাসি ফরোয়ার্ডের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2023, 07:59 PM

Updated : 09 Jul 2023, 02:34 PM

মৌসুমের পর মৌসুম যায়, কিন্তু পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অপেক্ষা আর ফুরায় না। কোচের পর কোচ বদল করে, তারকাদের হাট বসিয়েও ইউরোপ সেরার প্রতিযোগিতায় ব্যর্থতাই কেবল সঙ্গী হয় তাদের। কী করলে অপেক্ষা ঘুচবে, তা বোধগম্য নয় দলটির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেরও। 

ফরাসি ঘরোয়া ফুটবলে অনেকটা সময় ধরেই দাপট দেখাচ্ছে পিএসজি। তবে চ্যাম্পিয়ন্স লিগে চিত্রটা একেবারেই ভিন্ন। এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত প্যারিসের ক্লাবটির সেরা সাফল্য ২০২০ সালে রানার্সআপ হওয়া। সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হারে তারা। 

আগে থেকেই এমবাপে, নেইমাররা থাকার পর ২০২১ সালে পিএসজি দলে টানে লিওনেল মেসি, সের্হিও রামোসদের মতো খেলোয়াড়দের। এরপরও চ্যাম্পিয়ন্স লিগে সাফল্য মেলেনি। সবশেষ দুই মৌসুমেই তারা ছিটকে যায় শেষ ষোলো থেকে। 

একের পর এক ব্যর্থতার কারণ জানা নেই এমবাপের। ফ্রান্সের ক্রীড়া পত্রিকা লেকিপ-তে শনিবার প্রকাশিত হয়েছে বিশ্বকাপ জয়ী এই ফুটবলারের সাক্ষাৎকার। চ্যাম্পিয়ন্স লিগ প্রসঙ্গে এমবাপে বলেন, নিজের কাজটা ঠিকঠাক করা ছাড়া আর কিছু ভাবেন না তিনি।

“চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য পিএসজিকে কী করতে হবে, তা আমি জানি না, এটা আমাকে জিজ্ঞেস করার মতো প্রশ্ন নয়। আপনাদের তাদের সঙ্গে কথা বলতে হবে যারা দলটা গড়ে, যারা স্কোয়াড সাজায়, যারা এই ক্লাবটি তৈরি করেছে। আমি আমার কাজটা যথাসাধ্য করার চেষ্টা করি।” 

“আমি (লিগের) সেরা খেলোয়াড় ছিলাম, লিগ ওয়ানে টানা পাঁচবার সর্বোচ্চ গোলস্কোরার হয়েছি। মৌসুমে প্রায় ৫০ গোল (৪১) করে নিজের ব্যক্তিগত মান ধরে রাখতে পেরে অবশ্যই আমি খুশি।” 

সবশেষ মৌসুমে ফ্রান্সের শীর্ষ লিগে ৩৪ ম্যাচে ২৯ গোল করেন এমবাপে। জেতেন লিগের সেরা খেলোয়াড়ের খেতাব।