২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তপু-দামাশেনোর গোলে গ্রুপসেরা কিংস

টানা তিন জয়ে গ্রুপ সেরা হয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2023, 06:02 PM

Updated : 07 Feb 2023, 06:48 PM

গোলের জন্য হাঁসফাঁস করা বসুন্ধরা কিংসের মুখে স্বস্তি হাসি ফোটালেন তপু বর্মন। দ্বিতীয়ার্ধে মিগেল ফিগেইরাই দামাশেনো দ্বিগুণ করলেন ব্যবধান। এরপর কিছুটা ধীরলয়ে চলা ম্যাচে উত্তাপ ফেরাল দুটি লাল কার্ড! শেষ দিকে উত্তাপ ছড়ানো ম্যাচে জিতে কিংস ফেডারেশন কাপের কোয়ার্টার-ফাইনালে উঠল গ্রুপ সেরা হয়ে।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারাল কিংস।

টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে সেরা হলো তারা। ফর্টিসকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরুর পর দ্বিতীয় ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ৪-৩ ব্যবধানে জিতেছিল অস্কার ব্রুসনের দল।

হারলেও ৪ পয়েন্ট নিয়ে ফেডারেশন কাপের সেরা আটে উঠেছে চট্টগ্রামের দলটি।

রবিনিয়ো, দামাশেনোর সামনে সাইফুলের দেয়াল

টানা দুই জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে নামা কিংস শুরু থেকে মেলল আক্রমণাত্মক ফুটবলের পসরা। চট্টগ্রাম আবাহনীর রক্ষণে কাঁপন ধরাল, কিন্তু পোস্টের নিচে সাইফুল ইসলাম ছিলেন আস্থার প্রতীক হয়ে। চতুর্থ মিনিটে রবিনিয়োর ফ্রি কিক ঝাঁপিয়ে পড়ে আটকান গোলরক্ষক।

ষষ্ঠ মিনিটে ইয়াসিনের কাটব্যাকে মিগেল দামাশেনোর শট বাইরে দিয়ে যায়। তিন মিনিট পর রুস্তম ইসলাম ভুল পাসে বল তুলে দেন দামাশেনোর পায়ে। হঠাৎ সুযোগ পেয়ে খেই হারিয়ে ফেলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার দুর্বল শট আটকান সাইফুল।

তপু খুললেন ‘ডেডলক’

একের পর এক আক্রমণে শাণিয়ে হতাশ হওয়া কিংসকে গোলের আনন্দে মেতে ওঠার উপলক্ষ্য এনে দেন তপু বর্মন। রবিনিয়োর শট পোস্টে ঘা খেয়ে এক ডিফেন্ডারের মাথায় লেগে কর্নার হয়। ৪০তম মিনিটে রবিনিয়োর কর্নার দূরের পোস্টে ইয়াসিন আরাফাতের হেড পাসের পর হেডেই লক্ষ্যভেদ করেন তপু।

স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করলেন দামাশেনো

বক্সে রবিনিয়োকে আটকাতে গিয়ে হাতে বল লাগিয়ে বসেন মোহাম্মদ রকি। রেফারিও বাজান স্পট কিকের বাঁশি। বলের লাইনে ঝাঁপিয়েও দামাশেনোর শট ঠেকাতে পারেননি সাইফুল। চলতি ফেডারেশন কাপে গোলের খাতা খুললেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ম্যাচে চালকের আসনে বসে যায় কিংসও।

সুমন রেজা ও তারেকের লালকার্ড

দ্বিতীয়ার্ধে খেলা তেমন জমেনি। ব্যবধান বাড়াতে মরিয়া ছিল না কিংস। শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ফিরে। রেফারি কিংসের ফরোয়ার্ড সুমন রেজা ও চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার মোহাম্মদ তারেককে দেখান লাল কার্ড।

সেরা চারে মুক্তিযোদ্ধা সংসদও

দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে ফর্টিস একাডেমিকে ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। জয়ী দলের দুই গোলদাতা ইমানুয়েল ইকেচুকু ও ল্যান্ড্রাই সেলেমানি। ফর্টিসের একমাত্র গোলদাতা মোহাম্মদ সবুজ। টানা দুই হারের পর এই এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। বাইলজ অনুযায়ী তৃতীয় সেরা হওয়া  দুই দল পাবে কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ, সে হিসেবে সেরা আটে খেলবে মুক্তিযোদ্ধা সংসদ।