২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি থেকে ফেরার পথে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প শোনালেন গুয়ার্দিওলা

সৌদি আরব থেকে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে ফেরার পথে বিমানের মধ্যে ঘটা একটা ঘটনা আত্মবিশ্বাসী করে তুলেছিল ম্যানচেস্টার সিটি কোচকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2023, 04:19 PM

Updated : 28 Dec 2023, 04:35 PM

প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছিল না। সমালোচনাও ধেয়ে আসছিল চারদিক থেকে। তবে সবশেষ ম্যাচে এভারটনের বিপক্ষে দাপুটে জয়ে ম্যানচেস্টার সিটি দেখিয়েছে, হারানো ছন্দ ফিরে পেতে শুরু করেছে তারা। দলটির কোচ পেপ গুয়ার্দিওলা জানালেন, এই ফিরে পাওয়ার পথ তার দল পেয়েছিল ক্লাব বিশ্বকাপ জিতে সৌদি আরব থেকে ফেরার সময়। 

সপ্তাহখানেক আগে ফাইনালে ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় স্বাদ পায় সিটি। এরপর বুধবার রাতে লিগ ম্যাচ খেলতে নামে তারা। শুরুতে পিছিয়ে পড়লেও এভারটনকে উড়িয়ে দেয় ৩-১ গোলে। 

প্রথমার্ধে পিছিয়ে পড়া সিটিকে ৫৩তম মিনিটে সমতার স্বস্তি এনে দেন ফিল ফোডেন। পরে হুলিয়ান আলভারেস ও বের্নার্দো সিলভার গোলে দারুণ জয় পায় লিগের শিরোপাধারীরা। 

এ জয়ের পর ৩৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে তারা। অবশ্য গুয়ার্দিওলার দল লিভারপুলের চেয়ে কম খেলেছে এক ম্যাচ। 

গত মৌসুমে ঐতিহাসিক ট্রেবল জেতা সিটি এবার টানা চতুর্থ লিগ শিরোপা জয়ের মিশনে নেমেছে। কিন্তু লিগ টেবিলে তৃতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে হার, টটেনহ্যাম হটস্পার্স ও ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ড্রয়ে হঠাৎ করেই তাদের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এভারটন ম্যাচের জয়ে তাদের সে আশায় প্রাণ ফিরল নতুন করে। 

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গুয়ার্দিওলাও শোনালেন নিজেদের ফিরে পাওয়ার গল্প। যার শুরু হয়েছিল সৌদি আরব থেকে বিমানে চেপে ঘরে ফেরার পথে। ক্লাব বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও এভারটন ম্যাচ নিয়ে তখন ভাবছিলেন ফোডেন-সিলভারা। 

“আমার মনে আছে, সৌদি আরব থেকে বিমানে করে ফেরার সময়ের কথা। আমি ছেলেদের কথা শুনছিলাম, ওরা অবশ্য জানত না যে আমি ওদের কথা শুনছি। তখন ওরা এভারটন ম্যাচ নিয়ে কথা শুরু করল। আমি বললাম (মনে মনে), ওয়াও, এটাই আমার দল। অনুভব করলাম, ছেলেরা এখনও চেষ্টা করতে চায়।” 

“এই মৌসুমে অনেক ম্যাচ খেলছি আমরা এবং লোকে বলে, আমরা আগের মতো নেই। (ক্লাব বিশ্বকাপ বাদে) আমরা সবশেষ ১৩ ম্যাচের একটাতে হেরেছি । আমরা কতটা ভালো সেটা নিয়ে মানুষ কথা বলে না।”