২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বর্গ পেল নতুন তারা, ফুটবল হারাল একজন মহানায়ক’

ইতিহাসের সেরা ফুটবলার পেলের মৃত্যুতে শোকাহত পোলিশ তারকা লেভানদোভস্কি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 08:59 AM

Updated : 30 Dec 2022, 12:11 PM

রাজার বিদায়ে কাঁদছে ফুটবল, অশ্রু ঝরছে ফুটবল বিশ্বের। শোকাহত পোলিশ তারকা রবের্ত লেভানদোভস্কি যেন ‘দা গ্রেটেস্টের’ মৃত্যুকে সত্যিকারের বিয়োগ হিসেবে দেখতে চাইছেন না। বললেন, দুনিয়া ছেড়ে পেলে এখন ওপারের তারা।

ক্যান্সারের সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফুটবল ইতিহাসের রেকর্ড গোলদাতা। একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জয়ীর বয়স হয়েছিল ৮২ বছর।

লেভানদোভস্কির চোখে পেলে মানেই চ্যাম্পিয়ন। তার বার্তায়ও মিশে রইল তাই।

“শান্তিতে ঘুমান চ্যাম্পিয়ন। স্বর্গ আজ পেল এক নতুন তারকা, আর ফুটবল বিশ্ব হারাল একজন মহানায়ক।”

ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী রিভালদোর মতে, পেলের কারণেই ব্রাজিলের ফুটবল আজকের এই অবস্থানে।

“পেলে ব্রাজিলিয়ান হওয়ায় আমি ইশ্বরের কাছে কৃতজ্ঞ। তিনি ফুটবল মাঠে যা কিছু করেছেন, তার জন্যই সারা বিশ্বে আমাদের ফুটবল পরিচিত এবং সম্মানিত, এটা কখনও মুছে যাবে না। আমি গর্বিত যে ১০ নম্বর জার্সি পরে দুটি বিশ্বকাপ খেলতে পেরেছি, যে জার্সি তার কারণে মহান হয়ে উঠেছিল।”

ক্যারিয়ারের শেষভাগে দুই বছর নিউ ইয়র্ক কসমসে খেলেছিলেন পেলে। দেশটির ফুটবলের উন্নয়নে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সেখানকার আরেক ক্লাব নিউ ইয়র্ক সিটি ফুটবল ক্লাব কিংবদন্তির প্রয়াণে জানিয়েছে শ্রদ্ধা।

“আপনাকে ধন্যবাদ, পেলে। এখানে এবং সবখানে, এই খেলাটির জন্য আপনার চেয়ে বেশি কেউ করেনি। তার পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতে, শুধু ফুটবলার হিসেবে নন, বিশ্বের সবচেয়ে নামী অ্যাথলেটদের একজন হলেন পেলে।

“এই সুন্দর খেলাটির সবসময়ের সেরা পেলে এবং বিশ্বের সবচেয়ে স্বীকৃত অ্যাথলেটদের একজন পেলে। খেলাধুলার মাধ্যমে যে মানুষকে এক কাতারে আনা যায়, তা তিনি বুঝতেন। তার পরিবারের প্রতি এবং তাকে যারা ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন তাদের সবার প্রতি সহমর্মিতা।”