ফরাসি ওপেনে জোকোভিচের শুভসূচনা
ছেলেদের শীর্ষ ১০ বাছাইয়ের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ফেলিক্স ওজি-আলিয়াসসিমে।
ফরাসি ওপেনের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে শুরুটা দারুণ হয়েছে নোভাক জোকোভিচের। আলেকসান্দার কোভাসেভিচকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা।
রোলাঁ গাঁরোয় সোমবার সার্বিয়ান বংশোদ্ভূত আমেরিকান খেলোয়াড় কোভাসেভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ (৭-১) গেমে হারান ৩৬ বছর বয়সী জোকোভিচ।
এখানে দুইবারের চ্যাম্পিয়ন জোকোভিচ রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের অভিযানে নেমেছেন।
ছেলেদের শীর্ষ ১০ বাছাইয়ের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন ফেলিক্স ওজি-আলিয়াসসিমে। কানাডার এই খেলোয়াড়কে ৬-৪, ৬-৪, ৬-৩ হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইতালির ফাবিও ফগনিনি।
