১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লাইপজিগের বিপক্ষে ভালভেরদেকে পাচ্ছে না রিয়াল

চোটের কারণে ছিটকে গেছেন ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাও।

লাইপজিগের বিপক্ষে ভালভেরদেকে পাচ্ছে না রিয়াল

ছবি : রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2022, 09:35 PM

Updated : 23 Oct 2022, 11:39 PM

আরেকটি ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে লাইপজিগের বিপক্ষে ম্যাচে করিম বেনজেমার না খেলা অনেকটাই নিশ্চিত ছিল, চোটের শিকার হয়ে এবার ছিটকে গেলেন ফর্মে থাকা মিডফিল্ডার ফেদে ভালভেরদেও।

ইউরোপ সেরার মঞ্চে আগামী বুধবার বুন্ডেসলিগার দলটির বিপক্ষে খেলবে ইউরোপের সফলতম ক্লাব রিয়াল। রোববার এই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি, যেখানে রাখা হয়নি বেনজেমা ও ভালভেরদেকে।

চলতি মৌসুমের শুরু থেকে দারুণ ছন্দে আছেন ভালভেরদে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে করেছেন ৭ গোল। ২৪ বছর বয়সী এই ফুটবলার সবশেষ গোল পেয়েছেন লা লিগায় গত শনিবার সেভিয়ার বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচে।

বিপত্তিও ঘটে ওই ম্যাচেই। শেষের দিকে পাপু গোমেসের কড়া ট্যাকলে মাঠে পড়ে যান ভালভেরদে। রিয়ালের পক্ষ থেকে অবশ্য তার চোটের ধরন বা মাঠে ফেরার ব্যাপারে কিছু জানানো হয়নি।

সম্প্রতি দারুণ খেলতে থাকা এই মিডফিল্ডারের চোট রিয়ালের পাশাপাশি চিন্তায় ফেলেছে উরুগুয়েকেও। কারণ কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর এক মাসেরও কম সময়।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভালভেরদে ও বেনজেমা দুজনের কারো চোটই গুরুতর নয়। দুজনের সম্ভাবনা আছে লা লিগায় আগামী রোববার জিরোনার বিপক্ষে খেলার।

সদ্য ব্যালন ডি'অর জেতা বেনজেমা বাম পায়ের পেশির চোটের কারণে সেভিয়ার বিপক্ষে গত ম্যাচে খেলতে পারেননি। তাকে ছাড়াই ৩-১ গোলে জিতে রিয়াল।

চ্যাম্পিয়ন্স লিগে 'এফ' গ্রুপে থাকা রিয়াল চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। এরই মধ্যে আনচেলত্তির দলের শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে।